ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

হাতিরঝিলে চৈত্র সংক্রান্তি-বৈশাখ উদযাপনে পরিবেশ ও স্বাস্থ্য পার্টনার শক্তি ফাউন্ডেশন

হাতিরঝিলে চৈত্র সংক্রান্তি-বৈশাখ উদযাপনে পরিবেশ ও স্বাস্থ্য পার্টনার শক্তি ফাউন্ডেশন
×

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। সোমবার হাতিরঝিলে। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ২০:৫৩ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ | ১৪:৪৯

রাজধানীর হাতিরঝিলে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আয়োজিত উৎসবে পরিবেশ ও স্বাস্থ্য পার্টনার হিসেবে অংশ নিয়েছে শক্তি ফাউন্ডেশন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গ্রুস ইভেন্টের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবের অংশ হিসেবে শক্তি ফাউন্ডেশন বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে এবং দর্শনার্থীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে। 

সোমবার হাতিরঝিল ব্যবস্থাপনা ভবন সংলগ্ন পার্কে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমান এবং রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইমরান আহমেদ বলেন, রাজউকের সঙ্গে অংশীদারিত্বের আওতায় ইতোমধ্যে রাজধানীতে ২৪ হাজার গাছ রোপণ করা হয়েছে। আগামী জুনের মধ্যে আরও ২৬ হাজার এবং ২০৩০ সালের মধ্যে ৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

উৎসবকে ঘিরে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি শক্তি ফাউন্ডেশনের হেলথ কর্নার ও মোবাইল হেলথ ক্লিনিকের মাধ্যমে দর্শনার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। দুই দিনে মোট ১৪৮ জনকে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, হিমোগ্লোবিন টেস্টসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়।

রাজউকের সার্বিক সহযোগিতায় হাতিরঝিল এম্ফিথিয়েটার ও আশপাশের এলাকায় অনুষ্ঠিত এই আয়োজনে শক্তি ফাউন্ডেশন পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য উন্নয়নে তাদের অঙ্গীকার তুলে ধরে। সংস্থাটি জানায়, নগর সবুজায়নের অংশ হিসেবে ইতোমধ্যে হাতিরঝিল এলাকায় প্রায় চার হাজার গাছ রোপণ করা হয়েছে।

শক্তি ফাউন্ডেশন দেশের একটি শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা, যা জলবায়ু পরিবর্তন, নগর সবুজায়ন, স্বাস্থ্যসেবা এবং আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে কাজ করে আসছে।

আরও পড়ুন

×