ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্বেচ্ছা রক্তদাতারা মানবতার ফেরিওয়ালা: ইউআইটিএস উপাচার্য

স্বেচ্ছা রক্তদাতারা মানবতার ফেরিওয়ালা: ইউআইটিএস উপাচার্য
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ২০:৫৮

স্বেচ্ছায় রক্তদানকারীদের ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে অভিহিত করেছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস 
(ইউআইটিএস)-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। তিনি বলেন, যারা স্বেচ্ছায় রক্তদান করেন, তারা এই মানবিক কাজের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে পারেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বেচ্ছা রক্তদাতাদের উৎসাহিত করতে তাদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন প্রধান অতিথি। এ সময় কমপক্ষে ৩ বার, ১০ বার, ২৫ বার এবং ৫০ বার রক্তদান করেছেন—এমন তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে জানানো হয়, কোয়ান্টাম ল্যাব প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১৭ লক্ষাধিক মানুষকে রক্ত সহায়তা দেওয়া হয়েছে, যার মধ্যে ৪ লক্ষাধিক গ্রহীতা থ্যালাসেমিয়ায় আক্রান্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. আশিক মোসাদ্দিক এবং স্বাগত বক্তব্য দেন কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক এম রেজাউল হাসান।

এ সময় নিয়মিত রক্তদাতাদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন ৫০ বারের রক্তদাতা নুরুল মুক্তাদির বাপ্পী এবং ২৬ বার রক্তদানকারী ওয়াসিম মো. আদনানুল হক। এছাড়া থ্যালাসেমিয়ায় আক্রান্ত নিয়মিত রক্তগ্রহীতা সুমাইয়া আক্তার সিমি ও জুমান আল সাদও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে কোয়ান্টাম ল্যাবের পক্ষ থেকে সকল স্বেচ্ছা রক্তদাতার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি দেশের রক্তচাহিদা পূরণে আরও বেশি তরুণকে স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
 

আরও পড়ুন

×