নারীর ছবি ও ভিডিও বিক্রি হতো টেলিগ্রাম চ্যানেলে
গ্রেপ্তার ৫ জন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ২২:০১ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ | ২৩:০৭
স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়-পড়ুয়া কিশোরী-তরুণীদের টার্গেট করে তাদের গোপনীয় ছবি ও ভিডিও সংগ্রহ করত একটি চক্র। পরে সেই ছবি-ভিডিও টেলিগ্রাম অ্যাপে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিক্রি করে আসছিল তারা। অবশেষে তাদের পাঁচজনকে শনাক্তের পর গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন– মেরাজুর রহমান আরমান, বিল্লাল হোসেন অন্তর, রবি আলম মমিন, আল আমিন ইসলাম ও হাসিব। গতকাল রোববার রাতে র্যাব-৮ ভোলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী বলেন, টেলিগ্রাম অ্যাপকে কেন্দ্র করে সাইবার ব্ল্যাকমেইল ও অশালীন কনটেন্ট ছড়িয়ে দেওয়ার খবর প্রকাশের পর র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় একটি চক্রের সন্ধান পাওয়া যায়। চক্রটি টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রাইভেট চ্যানেলের মাধ্যমে অর্থের বিনিময়ে অশালীন ছবি ও ভিডিও সরবরাহ করত।
তিনি জানান, চক্রটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের টার্গেট করে ফেসবুক অ্যাকাউন্ট বা ব্যক্তিগত ডিভাইস হ্যাক করে এবং সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে ছবি-ভিডিও সংগ্রহ করে তা বিক্রি করত। তাদের ব্যবহৃত মোবাইল ফোনে প্রায় দেড় লাখ নগ্ন ও স্পর্শকাতর ছবি-ভিডিও এবং প্রায় ৩৫০টি টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলের তথ্য পাওয়া গেছে। এসব কনটেন্ট সংগ্রহ ও বিক্রির মাধ্যমে চক্রটি দীর্ঘদিন অর্থ উপার্জন করে আসছিল।
- বিষয় :
- র্যাবের অভিযান
- গ্রেপ্তার
- ছবি
