ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গ্রামপুলিশের মানববন্ধন, বেতন বাড়ানোসহ ৫ দফা দাবি

গ্রামপুলিশের মানববন্ধন, বেতন বাড়ানোসহ ৫ দফা দাবি
×

ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ১৫:৪৬

দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ এবং বিভিন্ন স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কায় করণীয় নির্ধারণে আলোচনা সভা শেষে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস এসোসিয়েশন। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও দেওয়া হয়।

বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতারা বর্তমান সরকারের কার্যক্রমে সহযোগিতা করার পাশাপাশি দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. প্রফেসর সুকুমাল বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন আলহাজ অ্যাডভোকেট বোরহান উদ্দিন এবং উদ্বোধক হিসেবে বক্তব্য দেন কাজী মাহমুদুল হাসান। সভায় সভাপতিত্ব করেন আলহাজ মনির হোসেন। এছাড়া সংগঠনের মহাসচিব মইনুর রশীদ চৌধুরী, কেন্দ্রীয় সভাপতি কমান্ডার এম এম লাল মিয়া এবং সাধারণ সম্পাদক পারুল আক্তারসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্থানীয় সরকারের অধীন দেশের ৪৯৫টি উপজেলার ৪ হাজার ৫৭৮টি ইউনিয়নে প্রায় ৪৫ হাজার ৮১০ জন গ্রামপুলিশ সদস্য ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। অথচ তাদের মাসিক বেতন মাত্র ৭ হাজার ৫০০ টাকা, যা বর্তমান দ্রব্যমূল্যের প্রেক্ষাপটে অত্যন্ত অপ্রতুল।

তারা অভিযোগ করেন, কম আয়ের কারণে পরিবার পরিচালনা, সন্তানের শিক্ষা ও বয়স্ক পিতামাতার ভরণপোষণ করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক ক্ষেত্রে সন্তানদের শ্রমে পাঠানো কিংবা বাল্যবিবাহের মতো পরিস্থিতিও তৈরি হচ্ছে।

বক্তারা আরও বলেন, ২০১১ সালের গেজেট ও ২০১৮ সালে হাইকোর্টের রায়ের পরও তাদের দাবি বাস্তবায়ন হয়নি। তারা দ্রুত গ্রামপুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেলের আওতায় আনার দাবি জানান।

কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

আরও পড়ুন

×