ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিএনপি-আওয়ামীপন্থিদের মধ্যে উত্তেজনা, বিক্ষোভ

বিএনপি-আওয়ামীপন্থিদের মধ্যে উত্তেজনা, বিক্ষোভ
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ০৮:৫০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ১১:৫২

| প্রিন্ট সংস্করণ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে উচ্চ আদালত প্রাঙ্গণে। গতকাল বুধবার দুপুরে আওয়ামীপন্থি আইনজীবীদের নির্ধারিত সংবাদ সম্মেলনের স্থান দখল করে বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

সুপ্রিম কোর্টের অ্যানেক্স কোর্ট ভবনের সামনে গতকাল সংবাদ বিজ্ঞপ্তির আহ্বান করেন আওয়ামী সমর্থক আইনজীবীরা। কিন্তু তারা সেখানে যাওয়ার আগেই বিএনপি সমর্থিত আইনজীবীরা অবস্থান নেন এবং ফ্যাসিস্টবিরোধী স্লোগান দিতে থাকেন। তাদের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে কোনো পরিচয়ে কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। পরে আওয়ামী সমর্থক আইনজীবীরা সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্য পাঠান।

সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে বিএনপির নবনিযুক্ত আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, জুলাইযোদ্ধাসহ অনেকে সুপ্রিম কোর্ট বারে লিখিত দরখাস্ত দিয়েছেন এবং প্রেস ব্রিফিং করেছেন। তারা বলেছেন, যারাই এর আগে আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করেছেন বা সমর্থন করেছেন, তাদের যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বারের বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত অনুসারে, আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা বারের নির্বাচনে অংশ নিতে পারবেন না। 

আগামী ১৩ ও ১৪ মে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনের তারিখ ধার্য রয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলের সমর্থক আইনজীবীরা এবারের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

গত মঙ্গলবার সন্ধ্য়ায় শেষ দিনে যাচাই-বাচাইয়ের পর বিভিন্ন পদে আওয়ামী সমর্থক ৪২ জনের মনোনয়ন বাতিল করা হয়। এতে তাৎক্ষণিকভাবে সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী সমর্থক আইনজীবীরা।

গতকাল গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো লিখিত বক্তব্যে আওয়ামী সমর্থক জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, কেউ কোনো দলের বা সংগঠনের পক্ষ থেকে দলবদ্ধ হয়ে কোনো মনোনয়ন দাখিল করেনি। বারের তথাকথিত বিশেষ সাধারণ সভার নোটিশ কোনো প্রার্থীকে না দিয়ে অ্যাডহক কমিটি মধ্যরাতে মেসেজ দিয়ে পরদিন দুপুরে মনগড়া সভা করে সিদ্ধান্ত নেয়, যা অবৈধ ও নিন্দনীয়।

৪২ জনের মনোনয়নপত্র বাতিল
সুপ্রিম কোর্ট বার সমিতির নির্বাচনে ৯০ জন প্রার্থীর মধ্যে ৪২ জন আইনজীবীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ২০২৫ সালের সন্ত্রাস দমন (সংশোধন) আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

সমিতির নির্বাচন উপকমিটির সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু জানিয়েছেন, বাতিলকৃতদের মধ্যে সভাপতি পদে দুজন, সচিব পদে সাতজন, কোষাধ্যক্ষ পদে দুজন, সহকারী সচিব পদে ১০ জন এবং নির্বাহী সদস্য পদে ২১ জন প্রার্থী রয়েছেন। 

আরও পড়ুন

×