যুক্তরাষ্ট্রের পাসপোর্ট-ভিসা বানিয়ে ধরা, কারাগারে দম্পতি
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১৪:১৮ | আপডেট: ০৫ মে ২০২৬ | ২১:৫৯
অনলাইন চক্রের মাধ্যমে আমেরিকার পাসপোর্ট এবং ভিসা বানিয়ে বিমানবন্দরে এসে ইমিগ্রশেন তল্লাশীর জালে আটকা পড়েন হিজাল-রাইনা নামে এক দম্পতি। প্রায় ৮ হাজার আমেরিকান ডলার খরচ করে অনলাইনে এ পাসপোর্ট-ভিসা সংগ্রহ করেন তারা।
পাসপোর্টের তথ্য ও জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, নরসিংদী সদর থানার কাউরিয়া গ্রামের নজরুল ইসলাম এর ছেলে হিজাল খন্দকার (২৩) এবং নারায়নগঞ্জ জেলার নবাবগঞ্জের রিয়াজ উদ্দিন এর মেয়ে মোছা. রাইনা আহমেদ।
গতকাল সোমবার আদালতের মাধ্যমে হিজাল ও রাইনা আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মামলার বাদী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
এর আগে গত রোববার আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে তারা বিমানবন্দরে আসেন। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের বোর্ডিং কার্ড সংগ্রহ করে ইমিগ্রেশন কাউন্টারে প্রবেশ করেন তারা। এ সময় তল্লাশীকালে তাদের পাসপোর্ট-ভিসা জাল ধরা পড়ে। খবর পেয়ে ঢাকায় অবস্থিত আমেরিকার রাষ্ট্রদূত অফিসের কয়েকজন কর্মচারী বিমানবন্দরে পরীক্ষা করে জানতে পারেন হিজাল-রাইনা দম্পতির পাসপোর্ট ও ভিসা জাল। এসময় তাদেরকে আটক করে বিমানবন্দর থানায় সোর্পদ করে ইমিগ্রেশন পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এস আই রাকিব হাসান সমকালকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, অনলাইনের মাধ্যমে আমেরিকার পাসপোর্ট এবং ভিসা সংগ্রহ করা হয়।
মামলার এ তদন্ত কর্মকর্তা আরও জানান, গতকাল তাদেরকে আদালতে পাঠানো হয়। এসময় শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
বিমানবন্দর থানার ওসি মো. কামরুল হাসান তালুকদার সমকালকে বলেন, ভাগ্য পরিবর্তনের আশায় অনলাইনের মাধ্যমে আমেরিকার পাসপোর্ট ও ভিসা বানিয়ে আমেরিকা যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে আসেন হিজাল দম্পতি। কিন্ত ওই পাসপোর্ট–ভিসা জাল থাকার কারণে সেই স্বপ্ন নিয়ে তারা এখন কারাগারে।
ওসি কামরুল হাসান আরও জানান, অনলাইনে পাসপোর্ট চক্রটির বিরুদ্ধে গুরুত্বসহকারে মামলা তদন্ত অব্যাহত আছে।
- বিষয় :
- আমেরিকা
- পাসপোর্ট দালাল
- জালিয়াতি
- চক্র
