ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নূর আলীর বিরুদ্ধে ১১৫ কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলা

নূর আলীর বিরুদ্ধে ১১৫ কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলা
×

নূর আলী। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৬ | ১৩:৪১ | আপডেট: ০৮ মে ২০২৬ | ১৩:৫৫

সরকারি জমিতে ‘বনানী সুপার মার্কেট কাম হাউজিং’ প্রকল্পে অনিয়ম, প্রতারণা ও মানি লন্ডারিংয়ের অভিযোগে বৃহস্পতিবার ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী এবং তার প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) জসীম উদ্দিন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদনহীন ভবনে হোটেল ব্যবসা পরিচালনার মাধ্যমে অভিযুক্তরা ১১৫ কোটি ৫৮ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা অবৈধভাবে আয় করে তা বিভিন্ন মাধ্যমে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন-এমন প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় বনানী থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

সিআইডির তথ্য অনুযায়ী, বনানী এলাকায় ১৪ তলা ভবন নির্মাণের অনুমোদন থাকলেও বোরাক রিয়েল এস্টেট অনুমোদন ছাড়াই ২৮ তলা ভবন নির্মাণ করে সেখানে পাঁচতারকা হোটেল ‘শেরাটন’ চালু করে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ না করা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) প্রাপ্য অংশ না দিয়ে বিভিন্ন সময়ে প্রভাব খাটিয়ে চুক্তি সংশোধন করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এছাড়া ভবন নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রয়োজনীয় অনাপত্তিপত্র না নেওয়ার অভিযোগও রয়েছে। এতে ভবনের উচ্চতা নির্ধারিত সীমা অতিক্রম করায় বিমান উড্ডয়ন ও অবতরণে ঝুঁকি তৈরি হয়েছে বলে উল্লেখ করেছে সিআইডি।

সংস্থাটি জানিয়েছে, তদন্ত চলাকালে বেদখল হওয়া সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণের পর মানিলন্ডারিংয়ের পরিমাণ আরও বাড়তে পারে। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ। অভিযুক্তদের গ্রেপ্তার ও ঘটনার পূর্ণাঙ্গ তথ্য উদঘাটনে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
 

আরও পড়ুন

×