বেতন-বোনাস ও বকেয়া পরিশোধের দাবিতে জিটিইউসির সমাবেশ
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ১৫:৪৭ | আপডেট: ১৫ মে ২০২৬ | ১৫:৫১
ঈদুল আজহার আগে তৈরি পোশাক খাতের শ্রমিকদের সব বকেয়া পাওনা, পূর্ণ ঈদ বোনাস এবং চলতি মাসের পূর্ণ বেতন আগামী ২০ মে’র মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (জিটিইউসি)। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক খাতের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি বৃদ্ধি না পাওয়ায় শ্রমিকদের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে।
সমাবেশে সংগঠনের সভাপতি মন্টু ঘোষ বলেন, শ্রমিকদের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতি সচল রয়েছে। অথচ ঈদের মতো গুরুত্বপূর্ণ সময়েও অনেক কারখানায় বেতন-বোনাস পরিশোধে টালবাহানা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানের পরও শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।
সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম বলেন, দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে এখনও বহু কারখানায় শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে। অনেক প্রতিষ্ঠানে ঈদ বোনাসও পরিশোধ করা হয়নি। তিনি দাবি করেন, গত রোজার ঈদেও উল্লেখযোগ্যসংখ্যক শ্রমিক বেতন-বোনাস থেকে বঞ্চিত হয়েছেন।
শ্রমিক নেতারা আরও বলেন, তৈরি পোশাক শিল্প দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস হলেও শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ঈদের আগে অতিরিক্ত কাজের চাপ থাকা সত্ত্বেও অনেক কারখানায় সাপ্তাহিক ছুটি দেওয়া হচ্ছে না। পাশাপাশি বেতন ও বোনাস পরিশোধে নানা অজুহাত দেখানো হচ্ছে। সমাবেশ থেকে নেতারা সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী ২০ মে’র মধ্যে সব কারখানায় বেতন, বোনাস ও বকেয়া পরিশোধ নিশ্চিত করতে হবে। অন্যথায় শ্রমিকরা আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করবে।
সমাবেশ শেষে শ্রমিকরা একটি মিছিল বের করেন। মিছিলটি কদমফুল ফোয়ারা ঘুরে তোপখানা সড়ক হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
- বিষয় :
- ঈদুল আজহা
- পোশাক খাত
- বকেয়া পরিশোধ
