পাগল না থাকলে বিপ্লব হবে না: ফরহাদ মজহার
রাজধানীর শাহ আলীর মাজার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে ফরহাদ মজহার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ২১:০৮
রাজধানীর মিরপুরের হজরত শাহ আলী বাগদাদীর (রহ.) মাজারে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেছেন, মাজারের পাগলদের ওপর হামলা করা হয়। কিন্তু জুলাই গণঅভ্যুত্থান যখন হয়েছে, তখন এই পাগলেরাই বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। পাগল না হলে নিজের জীবন সে কী করে দিয়ে দিল? পাগল না থাকলে বিপ্লব হবে না। পাগল না থাকলে রাষ্ট্র গঠন হবে না।
আজ রোববার শাহ আলীর মাজার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন ফরহাদ মজহার। মাজারে ভক্ত ও আশেকানদের ওপর হামলার প্রতিবাদে এ আয়োজন করা হয়। ‘সাধুগুরুভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ’ এবং ‘ভাববৈঠকী’ যৌথভাবে সমাবেশের আয়োজন করে।
ফরহাদ মজহার বলেন, ‘অভিযোগ উঠেছে, এই হামলায় জামায়াতে ইসলামী জড়িত। শুনে আমি দুঃখ পেয়েছি। আমি পত্রিকায় দেখেছি। আমি শফিক ভাইকে (জামায়াত আমির) এর আগেও বলেছি, নির্বাচনের আগে আপনি কীসের ভিত্তিতে বলেছিলেন ইসলামে নারী নেতৃত্ব হারাম? আপনাকে তো আমি বাহাসে ডেকেছিলাম, কোনো টেলিভিশন শোতে। আপনি আসেন নাই। আপনারা বলছেন, গান হারাম। বাহাসে ডাকতেছি— আসেন না। কোথায় গান হারাম? কোন আয়াত নিয়ে বলতেছেন গান হারাম? কোন ধরনের গান হারাম? তর্ক আছে।’
জামায়াতের উদ্দেশে তিনি বলেন, ‘এর আগেও বলেছি, মাজারে যেসব খারাপ কাজ বলে আমরা মনে করি, অনৈতিক কাজ— এগুলো বন্ধ হওয়া দরকার। কিন্তু এখন তো প্রমাণ হচ্ছে, মন্দ কাজগুলো আপনারাই করে মাজারের ওপর দোষ দিচ্ছেন। এটা তো হবে না, এটা চলবে না। আমি ৫০ বছর ধরে পাগল নিয়ে খেলা করছি, এখন পর্যন্ত রাষ্ট্র গঠন করতে পারিনি। অতএব, পাগল নিয়ে খেলা করবেন না।’
সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে ফরহাদ মজহার বলেন, ‘মাজারে ভক্তদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই সরকারও ফ্যাসিস্টদের মতো পরিণতির মুখে পড়তে পারে।’
সভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘মাজারে হামলাকে শুধু মাজারে হামলা হিসেবে দেখা যাবে না। এটাকে ভিন্নমতের ওপর হামলা হিসেবে দেখতে হবে।’
পুলিশ এই হামলার দায় এড়াতে পারে না বলে সভায় মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, ‘এ ঘটনার দায় পুলিশ এড়াতে পারে না। পত্রপত্রিকায় পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্য শুনেছি; কিন্তু একজনের বক্তব্যের সঙ্গে আরেকজনের বক্তব্যের মিল নেই। আমার কাছে মনে হয়েছে, তাদের প্রশ্রয় ও আশকারাতেই হামলা হয়েছে।’
ভাববৈঠকীর সমন্বয়কারী মোহাম্মদ রোমেল দাবি করেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সারাদেশে ১০০ মাজারে হামলার শিকার হয়েছেন ভক্তরা। এসব হামলার ঘটনায় জামায়াত ও বিএনপির নেতাকর্মী জড়িত। পুলিশ-প্রশাসন হামলাকারীদের পরিচয় জানার পরও যথাযথ ব্যবস্থা নেয়নি।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, মাজারের ভক্ত মোহাম্মদ নাছির হোসেন বক্তব্য দেন।
- বিষয় :
- ফরহাদ মজহার
- বিক্ষোভ সমাবেশ
