হাওরের কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার
ব্যারিস্টার কায়সার কামাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ২১:১৫
হাওরের কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, হাওরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা রক্ষায় দীর্ঘমেয়াদি, টেকসই ও সমন্বিত উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে হাওরাঞ্চলের প্রকৃত সমস্যা চিহ্নিত করতে একটি স্পেশাল টাস্কফোর্স গঠনের আহ্বান জানান ডেপুটি স্পিকার।
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকা আয়োজিত হাওরের দুর্যোগ: ‘চাষাভুষার সন্তান’ গ্রন্থের প্রাসঙ্গিকতা ও করণীয় শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, আমি হাওরের সন্তান। আমার জন্ম ও বেড়ে ওঠা হাওরের মাঝখানে। ছোটবেলা থেকেই হাওরের মানুষের কষ্ট, সংগ্রাম ও বঞ্চনার চিত্র আমি কাছ থেকে দেখে আসছি। আমাদের কৃষক ও চাষিরা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। অথচ স্বাধীনতার পর থেকে হাওরাঞ্চলের জন্য কার্যকর ও টেকসই উদ্যোগ খুব কমই গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, যখন ক্ষতি হয়, তখনই শুধু হাওর নিয়ে আলোচনা হয়। কিন্তু স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন গবেষণাভিত্তিক পরিকল্পনা ও বাস্তবমুখী উদ্যোগ। ‘চাষাভুষার সন্তান’ গ্রন্থে হাওরাঞ্চলের বাস্তবতা, মানুষের জীবনসংগ্রাম এবং দুর্যোগের বহুমাত্রিক প্রভাব অত্যন্ত প্রাঞ্জলভাবে উঠে এসেছে। এ ধরনের গবেষণাধর্মী গ্রন্থ নীতিনির্ধারণ ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
হাওরাঞ্চলে মৎস্য চাষের নামে নৈরাজ্যের অভিযোগ তুলে ডেপুটি স্পিকার বলেন, তথাকথিত লিজ ব্যবস্থার মাধ্যমে এক শ্রেণির অসাধু ব্যক্তি হাওরের সম্পদ দখল করছে। প্রকৃত জেলেরা লিজ পান না। বিলের মধ্যে বড় বড় গর্ত করে পুকুর তৈরি করে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। এর ফলে কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং দীর্ঘদিন ধরে অবহেলা ও নিপীড়নের শিকার হচ্ছেন।
সেমিনারে আনোয়ারুল হক এমপি, সাংবাদিক, গবেষক, লেখক, সুধীজন ও হাওরাঞ্চল সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বক্তব্য দেন।
