বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘সিন্ধুসারস আবৃত্তি উৎসব’
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৫:৩১
'শিল্পময় হোক আমাদের প্রকাশ' প্রতিপাদ্যে রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র-এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘সিন্ধুসারস আবৃত্তি উৎসব-২০২৬’।
গত ১৬ মে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে সিন্ধুসারস আবৃত্তি চর্চা কেন্দ্র। সংগঠনটি দীর্ঘদিন ধরে অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মে আবৃত্তিচর্চা ও সাহিত্য-সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে সুস্থ সাংস্কৃতিক চর্চা সমাজকে মানবিক ও মননশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনের সভাপতি মাসুদ মনিরুল বলেন, নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে সাংস্কৃতিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী মো. আল-আমিন বলেন, সুস্থ ও নান্দনিক সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলাই সিন্ধুসারসের মূল লক্ষ্য। তিনি জানান, সংগঠনের শিশু ও তরুণদের প্ল্যাটফর্ম ‘সিন্ধুসারস রাইজিং টোন’-এর মাধ্যমে অর্ধশতাধিক ক্ষুদে আবৃত্তিশিল্পী নিয়মিত চর্চার সঙ্গে যুক্ত রয়েছে।
দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম অংশে ক্ষুদে আবৃত্তিশিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। দ্বিতীয় পর্বে সংগঠনের জ্যেষ্ঠ সদস্যদের অংশগ্রহণে বিশেষ প্রযোজনা ‘বাঙালিয়ানা’ মঞ্চস্থ হয়। এর গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন আল-আমিন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি আব্দুল হাই শিকদার। প্রধান অতিথি ছিলেন রেজাউদ্দিন স্টালিন। সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত ভ্যালেরি অ্যান টেইলর ।
ভ্যালেরি অ্যান টেইলর তাঁর বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তরুণ প্রজন্মের মাঝে সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৃন্ময় মিজান, মেহেদী হাসান, সারোয়ার হোসেন, শফিকুল ইসলাম বাহার, মাহমুদুল হাসান, তাহসিন রেজা, ড. শহীদুল জাহিদ, ড. ঊষা রানী বড়ুয়া, রামচন্দ্র দাস, রোকসানা ও আলী আসকার খান পাঠানসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
উৎসবের একপর্যায়ে ক্ষুদে আবৃত্তিশিল্পী ও তাদের অভিভাবকদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি অতিথিদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক।
- বিষয় :
- বাংলামোটর
