অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার
মিট দ্য প্রেসে ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৬ | ১২:৫২ | আপডেট: ২০ মে ২০২৬ | ১৩:১৭
অপরাধীর কোন রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোসলেহ উদ্দিন আহমদ বলেন, রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে। অপরাধী যেই হোক, তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে নতুন কমিশনার এ কথা বলেন। ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম ‘মিট দ্য প্রেস’।
মোসলেহ উদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার হলো আইনশৃঙ্খলার উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করা। জনগণের সেবক হিসেবে কাজ করতে চায় পুলিশ।
ডিএমপি কমিশনার বলেন, সাইবার হ্যাকিং, সাইবার বুলিং, অনলাইন জুয়া ও প্রযুক্তিনির্ভর অপরাধ প্রতিরোধে ডিএমপির সাইবার ইউনিটকে আরও শক্তিশালী করা হচ্ছে। সম্প্রতি সিটিটিসির অধীনে গড়ে ওঠা ডিজিটাল ফরেনসিক ল্যাব আইসিটি মন্ত্রণালয়ের স্বীকৃতি পেয়েছে, যা সাইবার সুরক্ষা আইনসংক্রান্ত মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অনলাইন প্রতারণা ও জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। কমিশনার বলেন, গত ১ মে থেকে এ পর্যন্ত ২০২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২০৬ জন তালিকাভুক্ত চাঁদাবাজ।
রাজধানীর অন্যতম বড় সমস্যা ট্রাফিক জ্যাম উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে এআইভিত্তিক ক্যামেরা বসানো হয়েছে। ভিডিও ফুটেজের ভিত্তিতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রসিকিউশন চালু হয়েছে। এতে সড়কে আইন মেনে চলার প্রবণতা বাড়ছে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে কমিশনার বলেন, কোরবানির পশুর হাট, ঈদের জামাত, শপিং মল ও আবাসিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঈদকে কেন্দ্র করে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী ও জালিয়াত চক্র ঠেকাতে ডিবি ও থানা-পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানান তিনি।
জঙ্গি সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘আসলে আমি জঙ্গি বলছি না, এটাকে উগ্রবাদ বলছি। ঢাকায় উগ্রবাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। কোথাও যদি কোন উগ্রবাদের সংবাদ পাওয়া যায় সেটি আমরা যাচাই-বাছাই করে ব্যবস্থা নিচ্ছি।’
কমিশনার বলেন, একটি নিরাপদ নগরী গড়ে তোলাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাব।
ঢাকায় অটোরিকশা সংক্রান্ত প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ১ লাখ ৭৪ হাজার ৬৪৮টি রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, মব কালচারের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। ঢাকা মহানগরীতে কোনো ধরনের মব কালচার চলতে দেওয়া হবে না। শাহ আলী মাজার এলাকায় এমন একটি ঘটনা ঘটার পরপরই আমরা দ্রুত মামলা নিয়েছি। পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছি।
অনুষ্ঠানে শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশ শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে। গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দীর্ঘ ১৫–২০ বছর ধরে কারাগারে থাকা অনেক শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন, আবার অনেকে পুনরায় অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। যারা আবার অপরাধ জগতে সক্রিয় হচ্ছে এবং অপরাধী চক্রকে পুনর্গঠনের চেষ্টা করছে, তাদের অবশ্যই গ্রেপ্তার করা হবে। এসব অপরাধী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে ডিএমপি কমিশনার বলেন, ব্যাটারিচালিত রিকশার বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি; দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে এর বিস্তার ঘটেছে।
ডিএমপি কমিশনারের ভাষ্য, বিগত সরকারের সময়ে ব্যাটারিচালিত রিকশাকে কেন্দ্র করে একটি বড় সিন্ডিকেট গড়ে উঠেছিল। গত ১৫ বছরে এসব যানবাহনের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
ডিএমপি কমিশনার বলেন, শুধু পুলিশের পক্ষে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়। এ জন্য পুলিশ, সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ধারাবাহিক অভিযানের মাধ্যমে ধাপে ধাপে এসব যানবাহনের সংখ্যা কমিয়ে আনার চেষ্টা করা হবে।
- বিষয় :
- অপরাধী
- রাজনৈতিক পরিচয়
- ডিএমপি কমিশনার
- ডিএমপি
