আন্দোলনের নামে বিশৃঙ্খলা নয়, শ্রমিক অধিকার নিশ্চিতেই ঐক্যের আহ্বান
গার্মেন্টস সেক্টরে আন্দোলনের নামে বিশৃঙ্খলা বন্ধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৭:৪৫
গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের উদ্যোগে ‘গার্মেন্টস সেক্টরে আন্দোলনের নামে বিশৃঙ্খলা বন্ধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আকরাম খান হলে সংগঠনের আহ্বায়ক মো. মির্জা আল শামীমের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান। সভায় গার্মেন্টস খাতের বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানে শ্রমিকদের অবদান ছিল অপরিসীম। অনেক শ্রমিক জীবন দিয়েছেন, আহত হয়েছেন, কিন্তু তাদের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নয়ন এখনও দৃশ্যমান নয়। শ্রমিকদের ঘাম ও শ্রমে দেশের অর্থনীতি সচল থাকলেও তারা এখনও ন্যায্য মর্যাদা ও নিরাপদ জীবন থেকে বঞ্চিত।’
বক্তারা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, নারী শ্রমিকদের ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি, শিক্ষা ও চিকিৎসা সুবিধা, নিরাপদ কর্মসংস্থান, শিল্পাঞ্চলে শ্রমিক কলোনি ও হাসপাতাল স্থাপন এবং সম্মানজনক মজুরি নিশ্চিতের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিল্পাঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধে সরকারের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তারা।
পরে আলোচনা সভা থেকে চার দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। এগুলোর মধ্যে রয়েছে— আরএমজি সেক্টরের শ্রমিক সংগঠনগুলোকে গার্মেন্টস টিসিসি ও ক্রাইসিস কমিটিতে অন্তর্ভুক্ত করা, শিল্পাঞ্চলভিত্তিক প্রতিনিধিদের নিয়ে ক্রাইসিস কমিটি গঠন, নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিক নেতাদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নামধারী ভুয়া শ্রমিক সংগঠন চিহ্নিত করে নিষিদ্ধের আওতায় আনা।
- বিষয় :
- আলোচনা সভা
- শ্রম অধিকার
