ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তামাক পণ্যের দাম বাড়িয়ে তরুণদের ধূমপান ঠেকানোর দাবি সন্ধানীর 

তামাক পণ্যের দাম বাড়িয়ে তরুণদের ধূমপান ঠেকানোর দাবি সন্ধানীর 
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৬ | ২১:২১

তরুণদের তামাক ব্যবহারে নিরুৎসাহিত করতে তামাক পণ্যের মূল্যবৃদ্ধি ও কর কাঠামো সংস্কারের দাবি জানিয়েছে স্বাধীনতা পদকপ্রাপ্ত ছাত্র সংগঠন সন্ধানী। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট একীভূত করে ১০ শলাকার প্রতি প্যাকেটের দাম ১০০ টাকা নির্ধারণ এবং প্রতি প্যাকেটে চার টাকা সুনির্দিষ্ট কর আরোপের দাবি সংগঠনটির।

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘তরুণদের তামাক ব্যবহার শুরু নিরুৎসাহিত করতে তামাক পণ্যের কার্যকর দাম বৃদ্ধি: সন্ধানীর বাজেট প্রস্তাবনা ২০২৬-২৭ অর্থবছর’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের কারিগরি সহায়তায় অনুষ্ঠানের আয়োজন করে সন্ধানী।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ডা. মুকাররাবিন-হক নিবিড়। সভাপতিত্ব করেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. সাদিকুর রহমান ইফাত, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান ডা. সোহেল রেজা চৌধুরী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে তামাক ব্যবহারের হার সবচেয়ে বেশি। বর্তমানে দেশে প্রায় তিন কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যেও তামাক ব্যবহারের হার উদ্বেগজনক। টোব্যাকো অ্যাটলাসের তথ্য অনুযায়ী, দেশে তামাকজনিত রোগে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষের অকাল মৃত্যু হয়, যা মোট মৃত্যুর প্রায় ১৮ শতাংশ।

বক্তারা বলেন, ২০২৪ সালে তামাক খাত থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৪১ হাজার কোটি টাকা। অন্যদিকে তামাক ব্যবহার ও উৎপাদনের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা রাজস্ব আয়ের দ্বিগুণেরও বেশি।

সংবাদ সম্মেলনে উপস্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ৩০ থেকে ৭৬ শতাংশ পর্যন্ত বাড়লেও তামাক পণ্যের দাম তুলনামূলকভাবে কম বেড়েছে। একই সময়ে নিম্নস্তরের সিগারেটের দাম বেড়েছে মাত্র ১৫ দশমিক ৩৮ শতাংশ।

জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন বলেন, ‘তামাক পণ্যের কার্যকর মূল্যবৃদ্ধি তরুণদের ধূমপান শুরু নিরুৎসাহিত করার সবচেয়ে কার্যকর উপায়। প্রস্তাবিত কর ও মূল্য সংস্কার বাস্তবায়ন হলে প্রায় পাঁচ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবেন এবং তিন লাখ ৭২ হাজারের বেশি তরুণ ধূমপান শুরু করা থেকে নিরুৎসাহিত হবেন।’

অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, ‘কার্যকর কর সংস্কারের মাধ্যমে তামাক পণ্যের সহজলভ্যতা কমাতে হবে। প্রস্তাবিত কর ও মূল্য সংস্কার বাস্তবায়িত হলে সরকার অতিরিক্ত প্রায় ৪৪ হাজার কোটি টাকা রাজস্ব আয় করতে পারবে।’

সভাপতির বক্তব্যে ডা. সাদিকুর রহমান ইফাত বলেন, ‘কার্যকরভাবে তামাক পণ্যের দাম বৃদ্ধি করা গেলে লাখও তরুণ ধূমপান শুরু করা থেকে বিরত থাকবে এবং ভবিষ্যতে অসংক্রামক রোগ ও অকাল মৃত্যু কমানো সম্ভব হবে।’

আরও পড়ুন

×