ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পল্লবীতে শিশুকে হত্যা

বিচার দাবিতে মধ্যরাতেও উত্তাল মিরপুর

বিচার দাবিতে মধ্যরাতেও উত্তাল মিরপুর
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৬ | ০৩:৪৮

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মিরপুর-১০ থেকে ১২ নম্বর পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অনাকাঙ্ক্ষিত কোনও ঘটনা রোধে সেখানে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। 

বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় পল্লবীতে ওই শিশুর বাসায় গিয়ে তার বাবা-মাকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। এসময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা।  

এদিকে প্রধানমন্ত্রীর আগমনের খবরে রাত সাড়ে ৮টার পর থেকে বিপুল সংখ্যক সাধারণ মানুষ জড়ো হন। এসময় তারা খুনিদের বিচারের দাবিতে নানা স্লোগান দেন। এক পর্যায়ে লোকজন মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করেন। 

আন্দোলনকারীদের ভাষ্য, শিশুটির হত্যাকাণ্ড শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই বারবার এমন নৃশংস ঘটনা ঘটছে।

এর আগে সকালে পল্লবী থানার সামনেও বিক্ষোভ করেন স্থানীয়রা। সেখানে তারা শিশুটিকে হত্যার বিচার দাবিতে পুলিশের কাছে স্মারকলিপি দেন এবং দ্রুত তদন্ত শেষ করার আহ্বান জানান। পুলিশ ঘটনাটির তদন্ত দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা যায়, শিশুটিকে ধর্ষণ শেষে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং হত্যার পর মরদেহ গুম করার চেষ্টা চালানো হয়েছিল। যদিও শেষ পর্যন্ত ফ্ল্যাটের ভেতর থেকেই দেহের অংশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

×