ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সারাদেশে নারী ও শিশু ধর্ষণ ও হত্যার বিচার নিশ্চিত করতে হবে: সিপিবি

সারাদেশে নারী ও শিশু ধর্ষণ ও হত্যার বিচার নিশ্চিত করতে হবে: সিপিবি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০২:৪৪

রাজধানীর পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে শিশু ও নারীদেরদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। নেতারা বলেছেন, এ ধরনের বর্বরতা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে আতঙ্কিত ও ব্যথিত করে তুলেছে। ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শুক্রবার রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে সিপিবি ঢাকা মহানগর উত্তরের বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। 

সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর, সাবেক সভাপতি ডা. সাজেদুল হক রুবেল, সম্পাদকমন্ডলীর সদস্য লাকী আক্তার, ঢাকা মহানগর উত্তর নারী শাখার সদস্য মনোয়ারা বেগম প্রমুখ। পরিচালনা করেন মোতালেব হোসেন।

সাজ্জাদ জহির চন্দন বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক অবক্ষয় ও আইনের দুর্বল প্রয়োগের কারণে অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ সংঘটনের সাহস পাচ্ছে। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

রুহিন হোসেন প্রিন্স বলেন, যে নরপিশাচ এই কাজ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যদিও শিশুটির বাবা বলেছেন বিচার হবে কিনা জানেন না। আর আমরা হয়তো কিছুদিন পরে এটা ভুলে যাব। তারপরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করে জয়ী হতে না পারলে এই অপশক্তিকে দমন করা যাবে না। 

আরও পড়ুন

×