প্রকল্পগুলোর অবশিষ্ট কাজ দ্রুততম সময়ের মধ্যে করতে হবে: পর্যটনমন্ত্রী
আরএডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় কথা বলছেন পর্যটনমন্ত্রী।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৮:৪৫ | আপডেট: ২৩ মে ২০২৬ | ১৮:৪৬
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলমান প্রকল্পগুলোর অবশিষ্ট কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। বিমান ও পর্যটন খাতের উন্নয়নে ভবিষ্যতে নতুন কোনো প্রকল্প গ্রহণের আগে এর আর্থিক সক্ষমতা যথাযথভাবে যাচাই করতে হবে।’
শনিবার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরে এপ্রিল ২০২৬ মাসের আরএডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘যেকোনো অবকাঠামো বা সুবিধা নির্মাণের আগে সুপরিকল্পিত কর্মপরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি ঠিকাদারদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণে সংশ্লিষ্টদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
আফরোজা খানম বলেন, ‘জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল যেন প্রকৃত অর্থে জনগণের কাছেই ফিরে যায় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বদা সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
- বিষয় :
- পর্যটনমন্ত্রী
- উন্নয়ন প্রকল্প
