ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক

নাম বদল করায় গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নিন্দা

নাম বদল করায় গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নিন্দা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৬ | ০৮:০৯

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর গুলশানের শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের নাম বদলে ‘সেন্ট্রাল পার্ক ও ক্রীড়া কমপ্লেক্স’ করা এবং বেসরকারি সংস্থা গুলশান ইয়ুথ ক্লাবকে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। এই জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত বাতিল করে পার্কটির আগের নাম বহাল রাখা এবং ব্যবস্থাপনার দায়িত্ব রাজউকের নিয়ন্ত্রণেই রাখার দাবি জানায় ১০টি বাম ও প্রগতিশীল রাজনৈতিক দলের জোটটি।

গতকাল শনিবার গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। এতে বলা হয়, অতীত অভিজ্ঞতা থেকে আমরা জানি, বেসরকারি কোনো প্রতিষ্ঠানকে ব্যবস্থাপনার দায়িত্ব দিলে প্রবেশ ফি ধার্য করা হবে। যা সর্বসাধারণের প্রবেশে বাধা সৃষ্টি করবে। এ ছাড়া সেখানে নানা ব্যবসায়িক স্থাপনা, ফুডকোর্ট ও দোকানপাট নির্মাণ করবে ও পার্কের পরিবেশ নষ্ট করবে। যা মোটেই কাম্য নয়। 
নেতারা বলেন, পার্ক খেলার মাঠ দখল ও ধ্বংস করার বিরুদ্ধে উচ্চ আদালতের রায় ও নির্দেশনা রয়েছে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্বাচনের আগে পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত জায়গা দখলমুক্ত রাখার অঙ্গীকার করেছিলেন। এর আগে রাজউক যে গুলশান ইয়ুথ ক্লাবকে দখলদার হিসেবে দায়ী করেছিল, সেই ক্লাবকে এখন আবার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় কীভাবে?  
বিবৃতিতে সই করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফি রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ইকবাল কবির জাহিদ, মোশরেফা মিশু, মাসুদ রানা, হারুনার রশীদ ভূঁইয়া, আব্দুল আলী, রজত হুদা ও সৈয়দ হারুনুর রশীদ।

আরও পড়ুন

×