শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবি নারী সাংবাদিক কেন্দ্রের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬ | ০০:৩০
দেশে একের পর এক কন্যাশিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। সংগঠনটি পল্লবীর সেই শিশুসহ এ পর্যন্ত সংঘটিত সব শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে)। কর্মসূচির স্লোগান ছিল, ‘কোনো প্রতিশ্রুতি চাই না, উই ওয়ান্ট জাস্টিস’।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক মিনু। তিনি বলেন, গত পাঁচ মাসে দেশে ১১৮টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৭ শিশুকে। এসব ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।
তিনি বলেন, পল্লবীর সেই শিশুসহ সব শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ধর্ষণ
- হত্যা
- বিচার দাবি
