ঈদে ঘরমুখো মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য: নৌপ্রতিমন্ত্রী
সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৬ | ১৬:৫৯
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে ঈদে ঘরমুখো প্রতিটি মানুষকে নিরাপদে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে নৌপথের সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সকল সংস্থাও সমন্বিতভাবে কাজ করছে।
বুধবার দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন রাখতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে তদারকি ও ব্যবস্থাপনা জোরদার করেছে সরকার।’
প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদকে কেন্দ্র করে টার্মিনালে যাত্রীচাপ বৃদ্ধি পেলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রীদের সহযোগিতামূলক মনোভাবের কারণে সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘টার্মিনালের পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কোথাও যাতে ময়লা-আবর্জনা জমে না থাকে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। ছোট নৌকা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত ইতিবাচক ফল দিচ্ছে। এতে যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন এবং লঞ্চে ওঠানামায় স্বস্তি পাচ্ছেন।’
- বিষয় :
- ঈদ যাত্রা
- প্রতিমন্ত্রী
