বায়তুল মোকাররমে ঈদুল আজহার শেষ জামাত অনুষ্ঠিত
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৬ | ১২:৪১ | আপডেট: ২৮ মে ২০২৬ | ১২:৪২
পবিত্র ঈদুল আজহার শেষ ও পঞ্চম জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত এ জামাতে অংশ নেন বিপুল সংখ্যক মুসল্লি।
সর্বশেষ জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম আমির হোসেন।

ঈদের জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়।
প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৭টায় শুরু হয়ে সর্বশেষ জামাতের মধ্য দিয়ে জাতীয় মসজিদের ঈদের আনুষ্ঠানিকতা শেষ হয়।
দিনভর ঈদের জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জাতীয় মসজিদে ভিড় করেন। জামাতগুলোকে কেন্দ্র করে মসজিদ এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
- বিষয় :
- বায়তুল মোকাররম
- ঈদুল আজহা ২০২৬
