ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জিয়াউর রহমানের রূপকল্পই চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে: ড. মঈন খান

জিয়াউর রহমানের রূপকল্পই চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে: ড. মঈন খান
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১৬:২৭ | আপডেট: ৩০ মে ২০২৬ | ১৬:২৭

বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের আয়োজনে বিএফডিসি গেটে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৫০০ শতাধিক মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের প্রধান উপদেষ্টা চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতি পরিচালক বদিউল আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহাসচিব অভিনেতা এবিএম সোহেল রশিদ। উপস্থাপনা করেন সাংগঠনিক সম্পাদক, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মনজুরুল ইসলাম মেঘ। 

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা রফিকুল ইসলাম, আবু হেনা বাবলু, হান্নান মজুমদার, সহ-সভাপতি চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু, অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া, চিত্রনায়ক আবির চৌধুরী, চিত্রনায়ক মারুফ আকিব, যুগ্ম মহাসচিব চিত্রনায়িকা জিনিয়া, চিত্রনায়ক তানভির তনু, জিএম সাঈদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চলচ্চিত্র পরিচালক রাজু আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক চলচ্চিত্র ব্যবস্থাপক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আজিজুল হক খোকা, অভিনেতা আসিফ বাবু, অভিনেতা পলাশ খান, অভিনেতা ডেঞ্জার নাসিম, ব্যবস্থাপক শাহ আলম, অভিনেতা মোহাম্মাদ হোসেন লিটনসহ অনেকে।

ড. মঈন খান বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূপকল্প চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চলচ্চিত্র অনুদান প্রবর্তন করেছেন, বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা করেছেন। বিটিভিকে সাদাকালো থেকে রঙিন করেছেন এবং বিএফডিসির আধুনিকায়ন করেছেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন চলচ্চিত্রের উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে। অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে বিএনপি সরকার আবারও চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করবে।’

চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, ‘বিগত ১৭ বছর এফডিসি ধ্বংস করা হয়েছে। বিএনপি চলচ্চিত্রের যত উন্নয়ন করেছে, পলাতক ফ্যাসিস্ট সরকার তা ধ্বংস করে চলচ্চিত্র শিল্পকে শেষ করে দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সঙ্গে নিয়ে চলচ্চিত্রের উন্নয়ন করা হবে।’

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন চলচ্চিত্র পরিচালক নাসিরউদ্দিন মিলন এবং সদস্য সচিব ছিলেন হান্নান মজুমদার। এছাড়া জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সকালে কুরআন খতম ও ফাতেহা পাঠ করা হয়। 

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে বিএফডিসি জাতীয়তাবাদী এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন

×