ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পল্লবীতে শিশুহত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনে শুনানি কাল

পল্লবীতে শিশুহত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনে শুনানি কাল
×

অভিযুক্ত সোহেল রানা। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ২০:০১ | আপডেট: ৩১ মে ২০২৬ | ২১:০১

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের ওপর আগামীকাল সোমবার শুনানি হবে। গত ২৪ মে মামলার চার্জশিট গ্রহণ করে শুনানির জন্য এ দিন ঠিক করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী বলেন, ‘সোমবার চার্জ গঠনের ওপর শুনানি হবে। এর মাধ্যমে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে। এরপর মামলার সাক্ষ্যগ্রহণ চলবে। দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করে রায় ঘোষণা হবে বলে আমরা আশা করছি।’

তিনি আরও বলেন, ‘আদালতের ১৫ জুন পর্যন্ত অবকাশকালীন ছুটি থাকলেও এই ট্রাইব্যুনালের বিচারকের ছুটি সরকার বাতিল করেছে এবং বিচারক তা গ্রহণ করেছেন। ফলে মামলার কার্যক্রম অব্যাহত থাকবে। এরপরে মামলার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচার শেষ হবে।’

এর আগে ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

তদন্ত কর্মকর্তা জানান, আসামি সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে। মামলায় সাক্ষী হিসেবে ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

অভিযোগপত্র দাখিলের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। এর আগে গত ২০ মে প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

গত ২৪ মে শিশুটিকে হত্যায় আসামিপক্ষে মামলা পরিচালনার জন্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। এর আগের দিন এই হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে শেষ করার জন্য বিশেষ পিপি হিসেবে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে নিয়োগ দেয় সরকার।

এদিকে রোববার ঝিনাইদহ শৈলকুপা উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘পল্লবীতে শিশুহত্যায় আদালতের কাছে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে। আমাদের কাছে যে তথ্য-প্রমাণ আছে, তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে, এটা আমাদের প্রত্যাশা।’

এজাহার ও অভিযোগপত্রের বিবরণ অনুযায়ী, পল্লবীর আট বছর বয়সী ওই শিশু স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী ছিলেন। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে সে বাসা থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার তাকে তাদের বাসায় নিয়ে যায়। সেখানে ধর্ষণের পর শিশুটিকে গলা কেটে হত্যা করে সোহেল রানা। পরে ঘরের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পরদিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। আসামি সোহেল রানা ঘটনায় জাড়িত থাকার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

×