কলাবাগানে শিক্ষার্থী খুন, ছোট ভাই গ্রেপ্তার
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৭:৪৯ | আপডেট: ০১ জুন ২০২৬ | ১৮:৩৪
রাজধানীর কলাবাগান থানা এলাকায় লোহার বস্তুর আঘাতে এক শিক্ষার্থী (১৭) নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত রোববার রাতে।
পুলিশ জানায়, শিক্ষার্থী ও তার ছোট ভাই কলাবাগান থানাধীন ফ্রি স্কুল স্ট্রিটের ২৭২ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকত। নিহত শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষা দিয়েছে এবং তার ছোট ভাই দশম শ্রেণির ছাত্র। বয়স ১৬ বছর। তাদের বাবা কানাডা প্রবাসী। মা দ্বিতীয় বিয়ে করে আলাদা সংসারে রয়েছে। নিহত শিক্ষার্থীর বাবা মাঝেমধ্যে দেশে আসেন। বাবা-মা ছাড়া দুই ভাই ওই বাসায় থাকে। খেলাধুলা ও চলাফেরা একসঙ্গে। রোববার রাত সাড়ে ৯টার দিকে বাসায় দুই ভাইয়ের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। শিক্ষার্থীর ছোট ভাইকে মারতে উদ্যত হয়। একপর্যায়ে ছোট ভাই ঘরে থাকা ব্যায়াম করা ভারী লোহার বস্তু (ডাম্বল) দিয়ে শিক্ষার্থীর মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। বিষয়টি জানতে পেরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রতিবেশীদের সঙ্গে নিহতের ছোট ভাইও হাসপাতালে গিয়েছিল। পরে সে বাসায় ফিরে যায়।
কলাবাগান থানার ওসি ফজেল আশিক সমকালকে বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের চাচা রিয়াদুস সালেহীন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এতে নিহতের ছোটভাইকে অভিযুক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়।
