ডিভোর্স জালিয়াতি বন্ধে এইড ফর মেন ফাউন্ডেশনের মানববন্ধন
ডিভোর্স জালিয়াতি বন্ধে মানববন্ধন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৭:১৫
বৈবাহিক পবিত্রতা রক্ষা ও ডিভোর্স জালিয়াতি বন্ধে মানববন্ধন করেছে এইড ফর মেন ফাউন্ডেশন। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম, প্রচার সম্পাদক খালেদ তন্ময়, ঢাকা জেলা কমিটির সহ-সভাপতি ইফতেখার হোসেইন, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, দপ্তর সম্পাদক ইয়াসির আরাফাত প্রমুখ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, ‘অপরাধী নারী হলে নারী বিবেচনায় জামিন দেওয়া, হাতকড়া না পরানো কিংবা কঠিন অপরাধেও লঘু শাস্তি দেওয়ার প্রবণতা আমরা দেখতে পাই। দেশের প্রচলিত ৪৯৭ ধারা অনুযায়ী, কোনো বিবাহিত নারী পরকীয়া করলে তাকে শাস্তির আওতায় আনা যায় না, অথচ পুরুষকে ঠিকই শাস্তির মুখোমুখি হতে হয়। এটি পুরুষদের প্রতি স্পষ্ট আইনি বৈষম্য। আইনের এই শিথিলতা ও বৈষম্যের সুযোগ নিয়েই আজ কিছু স্বেচ্ছাচারী নারী চরম অপরাধে জড়ানোর সাহস পাচ্ছে। রাষ্ট্র ও আদালতের কাছে আমাদের স্পষ্ট দাবি, আইন সবার জন্য সমান হতে হবে। অপরাধী নারী হোক বা পুরুষ, অপরাধের বিচার সমান হতে হবে।’
দপ্তর সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, ‘ক্রিকেটার নাসির ও তামিমার আইনজীবী ইতোমধ্যেই দাবি করছেন যে, আসামিরা খালাস পাবেন। রায়ের আগেই এমন মন্তব্য প্রমাণ করে যে, সমাজে নারীদের অপরাধে লঘু শাস্তি দেওয়া বা মুক্তি দেওয়ার যে প্রবণতা রয়েছে, এক্ষেত্রেও আসামি পক্ষ তার সুবিধা নেওয়ার ব্যাপারে নিশ্চিত হয়ে বসে আছে।’
