বকেয়া বেতন–ভাতার দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ
মহাখালীতে সড়ক অবরোধ করে বকেয়া বেতন–ভাতা পরিশোধের দাবি জানান শ্রমিকরা। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৯:৪০
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক অবরোধ করে বকেয়া বেতন–ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন নাসা গ্রুপের শ্রমিকরা। সোমবার বিকেল ৪টার দিকে তারা মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের অদূরে সড়কে অবস্থান নেন। এতে তেজগাঁও শিল্পাঞ্চল থেকে মহাখালীর দিকে যাতায়াত বন্ধ হয়ে যায়। যানজটে আটকে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের মানুষ।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান সমকালকে বলেন, বকেয়া বেতন–ভাতার দাবিতে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পুলিশ তাদের জনদুর্ভোগের কথা বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে। সেইসঙ্গে কারাখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টাও চালানো হচ্ছে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা সড়ক থেকে সরে যাননি।
সরেজমিনে দেখা যায়, তেজগাঁও থেকে গুলশান সংযোগ সড়কের অদূরে কয়েকশ’ শ্রমিক অবস্থান নিয়েছেন। তারা মে মাসের বেতন ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সড়কের দুই পাশেই তাদের অবস্থানের কারণে তেজগাঁও থেকে মহাখালী–গুলশানের দিকে যাওয়ার এবং আসার উভয় পথেই যান চলাচল বন্ধ রয়েছে। অফিস ছুটির সময় গুরুত্বপূর্ণ এই সড়কে অবরোধের কারণে দেখা দেয় তীব্র যানজট। এর প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতেও। যানবাহনগুলো ছবির মতো স্থির হয়ে দাঁড়িয়েছিল। বাধ্য হয়ে অনেকে বাস, সিএনজি, প্রাইভেটকার থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। কেউ আবার অবরোধের এলাকা পার হয়ে সামনে গিয়ে অন্য যানবাহনে উঠবেন বলে জানান।
অবরোধে অংশ নেওয়া কয়েক শ্রমিকের সঙ্গে কথা বলেছে সমকাল। তাদের মধ্যে নাসা গ্রুপের ফিনিশিং বিভাগের কর্মী নাজমা বেগম জানান, বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন তারা। কারখানা খুলে দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট কোনো জবাব না পাওয়া পর্যন্ত সড়ক ছেড়ে যাবেন না তারা।
তিনি জানান, ঈদের ছুটির আগে নিয়মিত বেতন ও বোনাস পেয়েছেন তারা। ঈদের ছুটি শেষে খোলার দিনে এসে দেখেন কারখানার গেটে তালা ঝুলছে। আগে থেকে কিছু বুঝতে না দিয়ে এরকম একটি কাণ্ড ঘটিয়েছে কর্তৃপক্ষ।
আন্দোলনরত অন্য শ্রমিকরা জানান, কর্তৃপক্ষের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি। বন্ধ করে দেওয়ার আগে কারখানাটিতে এক হাজার শ্রমিক কাজ করত বলে জানান তারা।
সংশ্লিষ্টরা জানান, নাসা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘নাসা মেইনল্যান্ডের’ তিনটি কারখানার শ্রমিক–কর্মচারীরা সড়ক অবরোধ করেন। কারখানা তিনটি হলো– নাসা নিট লিমিটেড, নাসা অ্যাপারেলস লিমিটেড ও ওয়েস্টার্ন ড্রেসেস লিমিটেড। শ্রমিকদের ভাষ্য, ঈদের পর কারখানা বন্ধ ঘোষণা করা হলে গত ৪ জুন তারা আন্দোলনে নামেন। তখন কারখানা কর্তৃপক্ষ সোমবার বিষয়টি নিষ্পত্তির প্রতিশ্রুতি দেয়। কিন্তু বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়নি। তাদের মে মাসের বেতনসহ অন্যান্য ভাতা বকেয়া রয়েছে।
- বিষয় :
- মহাখালী
- সড়ক অবরোধ
- পোশাক শ্রমিক
- বকেয়া বেতন
- আন্দোলন
