পার্ক- খেলার মাঠে চলে মাদকের কারবার
নিলোফার চৌধুরী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ০৭:৫৪
| প্রিন্ট সংস্করণ
রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের সব বিভাগীয় ও জেলা শহরের খেলার মাঠ ও পার্ক উদ্ধার এবং মাদকসেবীদের কবল থেকে মুক্ত করার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী।
গতকাল সোমবার জাতীয় সংসদে তিনি বলেন, ‘ঢাকাসহ সব শহরের পার্ক ও খেলার মাঠগুলো একসময় ছিল শিশু- কিশোরদের দৌড়ঝাঁপ, খেলাধুলা আর বয়স্কদের বিকেলে অবসরের জায়গা। এখন এখানে মাদকের কারবার, হকারের উৎপাত আর বখাটের আড্ডা চলে। পার্ক ও খেলার মাঠগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য নিরাপদ নয়।’
এই সংসদ সদস্য বলেন, ‘ঢাকা শহরের খেলার মাঠ অনেকটা কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই। দখলকৃত মাঠে নানা স্থাপনা, ক্লাব, মার্কেট–এমনকি হাটবাজার পর্যন্ত গড়ে উঠেছে।’
এই নোটিশের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন অধিকাংশ পার্ক, খেলার মাঠ বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে প্রায় বেদখল ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত পার্ক বা খেলার মাঠ নিজেদের দখলে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু করা হয়েছে।’
স্থানীয় সরকারমন্ত্রী জানান, ঢাকায় সিটি করপোরেশন ও অন্যান্য সংস্থার মালিকানাধীন ২৫৬টি পার্ক, খেলার মাঠ রয়েছে। এগুলো উদ্ধার করা এবং পর্যায়ক্রমে খেলার উপযোগী করে গড়ে তোলার চেষ্টা চলছে।
- বিষয় :
- পার্ক