কাইল্যা পলাশকে গুলির ঘটনায় জড়িতরা শনাক্ত হয়নি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ০৮:৪৮ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ০৯:৫৭
| প্রিন্ট সংস্করণ
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশকে গুলির ঘটনায় জড়িতদের দুদিনেও শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় গতকাল শনিবার হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেননি তদন্ত সংশ্লিষ্টরা। তবে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে আরেকটি সন্ত্রাসী চক্র এ হামলা চালায় বলে ধারণা তাদের।
হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান সমকালকে বলেন, ভুক্তভোগীর স্ত্রী মাহমুদা খানম বাদী হয়ে একটি মামলা করেছেন। সেখানে কাউকে আসামি না করা হলেও এজাহারগর্ভে সন্দেহভাজনদের নাম আছে। আমরা অভিযোগ খতিয়ে দেখছি। সেই সঙ্গে গুলির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কাজ চলছে।
এর আগে গত শুক্রবার জুমার নামাজ পড়ে ফেরার পথে রামপুরায় বাসার অদূরে হামলার শিকার হন পলাশ। মোটরসাইকেলে আসা দুজন তাঁর মাথা লক্ষ্য করে দুটি গুলি চালায়। দুটি গুলির একটি তাঁর মাথা ভেদ করে বেরিয়ে যায়। অপরটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
একসময় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন পলাশ। দীর্ঘদিন কারাগারে থাকার পর মাসখানেক আগে তিনি জামিনে বের হন। তাঁর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা মামলায় সন্দেহভাজন হিসেবে পিচ্চি আল আমিন, মোল্লা জনি, ফারুক চাচা, তোতলা আল আমিন ও গলদা বাদশাসহ ১১ জনের নাম বলা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। স্বজনের অভিযোগ, মামলায় অভিযুক্ত ব্যক্তিরা শাহাজাদা গ্রুপের সদস্য। রামপুরা-খিলগাঁও এলাকার অপরাধ জগতের নিয়ন্ত্রণ তাদের হাতে।
তদন্তসূত্র বলছে, রামপুরা-খিলগাঁও এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, টেন্ডার নিয়ন্ত্রণ, জমি দখলসহ বিভিন্ন অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে কয়েকটি সন্ত্রাসী চক্র। তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী কাইল্যা পলাশ ও শাহাজাদা গ্রুপ।
- বিষয় :
- গুলি
