রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪
মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল (ছবি-সংগৃহীত)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ১৮:২৮
রাজধানীর মহাখালী ও শেরেবাংলা নগর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। মহাখালীর ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৯টার দিকে মহাখালী বাস টার্মিনালের সামনে মূল সড়কে ১০–১৫ জনের একটি দল মিছিল বের করে। তাদের হাতে প্ল্যাকার্ডও ছিল। মিছিল থেকে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের শাস্তির দাবি জানানো হয়। এ সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান সমকালকে বলেন, কোনো দাবি–দফা নয়, এমনিতেই ঝটিকা মিছিল বের করার চেষ্টা চালায় তারা। এ সময় পুলিশ চারজনকে আটক করেছে। তারা হলেন– মিজানুর রহমান, শামীম আরা বেবি, মনির ও জুয়েল। অন্যদের ধরতে অভিযান চলছে।
এদিকে গণভবনের সামনের সড়কে যুবলীগের একটি ঝটিকা মিছিল হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, মিছিল হয়েছে বলে শুনেছি। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে শুরু করে সামনের দিকে গেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
- বিষয় :
- ঝটিকা মিছিল
- মিছিল
- মহাখালী
- আটক
- পুলিশ
