চলন্ত বাইকে ইটের আঘাত
বাঁচানো গেল না রাফিকে
ইটের আঘাতে মোটরসাইকেল থেকে ঢলে পড়েন রাফি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১৩:২০ | আপডেট: ২২ জুন ২০২৬ | ১৩:২৪
রাজধানীর মিরপুরের কাফরুলে চলন্ত মোটরসাইকেল চালকের মাথায় ইট নিক্ষেপের ঘটনায় আহত সাজিদ চৌধুরী রাফি মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার সকালে তাঁর মৃত্যু হয়েছে।
কাফরুল থানার ওসি সাজ্জাদ হোসেন সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফির মৃত্যু হয়।’
তিনি জানান, ইটের আঘাতে রাফিকে আহতের ঘটনায় হত্যাচেষ্টা মামলা হয়েছিল। এ মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।
৯ জুন রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে নিজ বাসায় ফিরছিলেন ভুক্তভোগী রাফি। কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী গলিতে চলন্ত মোটরসাইকেলে তার ওপর ইট নিক্ষেপ করা হয়।এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে যাওয়ার সময় এক তরুণ রাফিকে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারেন। ইটের আঘাতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে অচেতন হয়ে যান। এ সময় মোটরসাইকেলটি তাঁর শরীরের ওপর পড়ে থাকে।
ভিডিওতে আরও দেখা যায়, ইট নিক্ষেপকারী তরুণই পরে আহত রাফিকে মোটরসাইকেলের নিচ থেকে বের করার চেষ্টা করেন। পরে আরও একজন সেখানে গিয়ে মোটরসাইকেলটি সরিয়ে নেন। একপর্যায়ে আহত রাফিকে একটি অটোরিকশায় তুলে হাসপাতালে নেওয়া হয়।
