ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ২১:৫৭

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে আশুরার তাজিয়া মিছিলের পাশ থেকে এক যুবককে ধাওয়া দিয়ে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার বিকেল ৫টার পর বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এ ঘটনা ঘটে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ওই যুবক তাজিয়া মিছিলের সঙ্গে ছিল। কয়েকজন তাকে ধাওয়া দিয়ে নির্মাণাধীন ভবনের নিচে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।

ওসি জানান, নিহতের পরিচয় শনাক্ত এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

তবে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান দাবি করে বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে তাজিয়া মিছিলের কোনো সম্পর্ক নেই। ওই যুবককে একটি নির্মাণাধীন ভবনের নিচে কুপিয়ে হত্যা করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×