ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

বিলসের বাজেট পর্যালোচনা 

৮৫ শতাংশ শ্রমিক এখনও সামাজিক নিরাপত্তার বাইরে

৮৫ শতাংশ শ্রমিক এখনও সামাজিক নিরাপত্তার বাইরে
×

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৭:৫০ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ১৭:৫০

দেশের ৮৫ শতাংশের বেশি শ্রমিক এখনও আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতার বাইরে রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)। সংস্থাটির  মতে, এমন বাস্তবতায় চলতি অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে শ্রমজীবী মানুষের সুরক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা জোরদারে কার্যকর উদ্যোগের প্রতিফলন ঘটেনি। ফলে শ্রমিকদের প্রত্যাশা ও বাজেটের প্রাপ্তির মধ্যে বড় ধরনের ব্যবধান রয়ে গেছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় বাজেটে শ্রমিকের ন্যায্য হিস্যা, বাজেট ২০২৬-২৭ এর পর্যালোচনা ও প্রস্তাবনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের নেতারা।

বিলস জানায়, বর্তমানে দেশের শ্রমজীবী মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন। একদিকে শিল্প-কারখানা বন্ধ হয়ে যাওয়া, অন্যদিকে শ্রমিক ছাঁটাই ও বকেয়া মজুরি পরিশোধ না হওয়ায় শ্রমিকদের রাজপথে আন্দোলন করতে হচ্ছে। একইসঙ্গে লাখ লাখ আউটসোর্সিং ও দৈনিকভিত্তিক কর্মচারী চাকরির নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বাস্তবতায় সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো এবং সব ধরনের শ্রমিককে এর আওতায় আনার উদ্যোগ নেওয়া জরুরি। 

বিলসের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ব্রিফিংয়ে সূচনা বক্তব্য দেন সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। বাজেটের পর্যালোচনা ও প্রস্তাবনা তুলে ধরেন গবেষণা বিভাগের উপ-পরিচালক মনিরুল ইসলাম। বক্তব্য দেন বিলসের উপদেষ্টা পরিষদের সদস্য মেসবাহউদ্দীন আহমেদ। সংবাদ সম্মেলনে শ্রমিকবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক বাজেট নিশ্চিত করতে ১৫ দফা দাবি তুলে ধরা হয়।

বিলসের পরিচালক কোহিনুর মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রমিক অধিকার অ্যাডভোকেসি অ্যালায়েন্সের সদস্য রাজেকুজ্জামান রতন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) যুগ্ম সমন্বয়কারী এএএম ফয়েজ হোসেন, শ্রমিক নিরাপত্তা ফোরামের প্রতিনিধি রাজিব আহমেদ প্রমুখ।

আরও পড়ুন

×