ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশনের সভাপতি সাকী, সাধারণ সম্পাদক রুহুল আমিন
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ০৪:২৪
রাজধানীর বকশীবাজারে অবস্থিত তিব্বিয়া হাবিবিয়া কলেজ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক হাকিম মাহবুবুর রহমান সাকী আবারও প্রেসিডেন্ট এবং হাকীম রুহুল আমিন জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
শনিবার উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মাহবুবুর রহমান সাকী। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন ডা. হাকীম নাসির উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. শারীক হাসান খান, খুলনা ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হাকীম নৃপেন্দ্রনাথ বৈরাগী, মোমেনশাহী ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হাকীম কামরুল ইসলাম নবাতাতী, চাঁদপুর ইউনান তিব্বিয়া কলেজের অধ্যক্ষ হাকীম সাহেদ হোসেন পাটোয়ারী এবং ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হাকীম রাজিউর রহমান।
সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিশিষ্ট ইউনানী চিকিৎসক, শিক্ষক ও গবেষকরা অংশ নেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাকীম ডা. আব্দুল্লাহ আল মামুন, হাকীম শাহ আলম ভূঁইয়া, হাকীম জাহিদুর রহমান জাহিদ, হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল হাকীম রুহুল আমিন।
কমিটি গঠনের পর ‘ইবনে সিনার জীবন ও কর্ম: নতুন প্রজন্মের ইউনানী চিকিৎসকদের জন্য শিক্ষা’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনার গবেষণা ও চিকিৎসা দর্শন আজও প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের ইউনানী চিকিৎসকদের নৈতিকতা ও মানবসেবায় ইবনে সিনার আদর্শ অনুসরণ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ইউনানী চিকিৎসাকে আরও আধুনিক ও বিজ্ঞানসম্মত করতে গবেষণার কোনো বিকল্প নেই। ফাউন্ডেশনের নতুন কমিটি দেশে ইউনানী চিকিৎসার মানোন্নয়ন ও এই খাতের চিকিৎসকদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। নতুন কমিটি আগামী সেশনের জন্য দায়িত্ব গ্রহণ করে পেশার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
- বিষয় :
- কমিটি ঘোষণা
