ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আদাবর ও তেজগাঁও থেকে চাপাতিসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

আদাবর ও তেজগাঁও থেকে চাপাতিসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
×

ছবি : সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ০৩:৩৮

রাজধানীর আদাবর ও তেজগাঁও এলাকায় পৃথক অভিযানে কবজি কাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য ‌কবির ওরফে ধ্বংস কবিরসহ ছিনতাইয়ের মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন কবজি কাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য, মাদক কারবারি ও কিশোর গ্যাং লিডার কবির ওরফে ধ্বংস কবির (৩৮), তার সহযোগী আব্দুর রহমান (৩৫) এবং তেজগাঁও এলাকার কিশোর গ্যাং লিডার ও একাধিক মাদক-ছিনতাই মামলার আসামি মো. বিল্লাল হোসেন (২৮)।

সোমবার (২৯ জুন) র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে আদাবর থানার শ্যামলী হাউজিংয়ের ৪ নম্বর রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কবির ও আব্দুর রহমানকে দুটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়।

একই দিন তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় পৃথক অভিযানে বিল্লাল হোসেনকে একটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

গ্রেপ্তার কবিরের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদক-সংক্রান্ত পাঁচটি এবং বিল্লাল হোসেনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদক-সংক্রান্ত মোট ১১টি মামলা রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আরও পড়ুন

×