দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে তদন্তে তদারকি বাড়ানোর নির্দেশ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০১:২০
জনগণের দ্রুত ন্যায় বিচার পাওয়া নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে ভার্চুয়ালি অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম এ নির্দেশনা দেন।
সভায় মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ সদরদপ্তর প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অতিরিক্ত আইজিপি মামলা তদন্তে তদারকি বাড়ানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, দক্ষতার সঙ্গে মামলা তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন দাখিল করতে হবে। অভিযান পরিচালনার ক্ষেত্রে নিজের এবং সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও পুলিশ সদস্যদের নির্দেশনা দেন তিনি।
দুই দিনব্যাপী মাসিক অপরাধ পর্যালোচনা সভার প্রথম দিন সোমবার মহানগর ও রেঞ্জ এবং গতকাল দ্বিতীয় দিন বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা অংশ নেন। সভায় মে মাসের সার্বিক অপরাধ পর্যালোচনা, সাজাপ্রাপ্তদের গ্রেপ্তারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফল, সাজার হার এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
- বিষয় :
- তদন্তের নির্দেশ
- মামলা
- ন্যায়বিচার
