ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে পূর্বাচল, ডিএমপির কার্যক্রম শুরু
পূর্বাচলের সেক্টর-১-এ ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১২:৪৯ | আপডেট: ০১ জুলাই ২০২৬ | ১২:৫৩
রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে পূর্বাচল নতুন শহর প্রকল্প। এরই মধ্যে আজ বুধবার সকালে পূর্বাচলের সেক্টর-১-এ ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ঢাকার সঙ্গে পূর্বাচল প্রকল্প যুক্ত করার পাশাপাশি চট্টগ্রামে নতুন একটি থানা এবং চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে তিনটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব নিয়ে আজ বুধবার বৈঠকে বসছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে নিকারের ১২১তম সভা। ওই সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাবের মধ্যে অন্যতম হিসেবে এ বিষয়টি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা সভার নোটিশ অনুযায়ী, চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাব সভায় উত্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে চট্টগ্রামের ফটিকছড়ির ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব উপস্থাপন করবে স্থানীয় সরকার বিভাগ। এ ছাড়া কুমিল্লার মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের বিষয়টিও আলোচনায় থাকবে।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ডিএমপির আনুষ্ঠানিক কার্যক্রম
এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ডিএমপি আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার সকালে পূর্বাচলের সেক্টর-১-এ ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রাজউক সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
আইজিপি বলেন, বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ডিএমপির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো। পরিকল্পিত, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে পূর্বাচলকে গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির আওতায় চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র, দুটি পুলিশ লাইনস এবং তিনটি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রমও চলমান।
তিনি বলেন, পূর্বাচলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থানা ও তদন্তকেন্দ্র স্থাপনের প্রশাসনিক অনুমোদন দিয়েছে। বাংলাদেশ পুলিশের অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে রাজউক। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট জমির নিবন্ধন প্রক্রিয়াধীন। ভবিষ্যতে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে পূর্ণাঙ্গভাবে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে স্বতন্ত্র বিভাগ গঠন করা হবে। এ জন্য প্রায় ৬ হাজার ৫২৪টি জনবল সৃষ্টির প্রস্তাব বিবেচনাধীন রয়েছে।
আইজিপি বলেন, পূর্বাচলে পুলিশ ক্যাম্প স্থাপন এই প্রকল্পের উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করবে। পুলিশের অবস্থান ও তৎপরতা জনমনে আস্থা ও নির্ভরতার জায়গা তৈরি করবে। প্রাথমিক পর্যায়ে পূর্বাচলে দুটি পুলিশ ক্যাম্প স্থাপিত হচ্ছে তার একটি বরকাউ পূর্বাচল পুলিশ ক্যাম্প, ১ নং সেক্টরে; যেটি আজকে উদ্বোধন করা হয়েছে। অন্যটি প্রস্তাবিত পশি থানা এলাকায় পশি পুলিশ ক্যাম্প' যার নির্মাণ কাজ চলছে। আগামী দুই মাসের মধ্যে আমরা সেই ক্যাম্পটিও উদ্বোধন করতে সক্ষম হব। ক্রমান্বয়ে অন্যান্য থানা ও তদন্ত কেন্দ্র স্থাপিত হবে।
