দেশের ৩৮ জেলায় নেই আইসিইউ সেবা
ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১৭:৫৮
দেশের ৬৪ জেলার মধ্যে ৩৮ জেলায় কোনো ধরনের আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) সেবা নেই। স্বাস্থ্য খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে বিদ্যমান ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ৮০ থেকে ৯০ শতাংশ রাজধানী ঢাকাকেন্দ্রিক। এ পরিস্থিতিতে জেলা পর্যায়ে আইসিইউ সেবা সম্প্রসারণ এবং দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার বিভাগ চালুর দাবি উঠেছে।
বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের (বিএসসিসিএম) জাতীয় সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সম্মেলনে বক্তারা বলেন, বর্তমানে দেশে প্রতি এক লাখ মানুষের জন্য ক্রিটিক্যাল কেয়ার শয্যা রয়েছে মাত্র ১ দশমিক ৭টি। আর সাধারণ হাসপাতাল শয্যা রয়েছে মাত্র ৯টি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, দেশের ৬৮ থেকে ৭০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন। কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলো বড় শহরের হাসপাতালগুলোতে কেন্দ্রীভূত থাকায় প্রত্যন্ত অঞ্চলের মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে নবজাতক, অন্তঃসত্ত্বা নারী, নিউমোনিয়া ও স্ট্রোকে আক্রান্ত বয়স্ক ব্যক্তি এবং সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রোগীরা সময়মতো চিকিৎসা না পেয়ে ঝুঁকিতে পড়ছেন। ক্রিটিক্যাল কেয়ার সেবা শুধু রাজধানীকেন্দ্রিক হলে চলবে না, দেশের সব মানুষের কাছে এটি পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসাসেবার সম্প্রসারণ ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। চিকিৎসকদের নিরাপত্তার জন্য চলতি মাস থেকে হাসপাতালে আনসার সদস্য নিয়োগ শুরু হবে। একই সঙ্গে চিকিৎসকদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে ২০ জেলায় নতুন করে আইসিইউ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের স্বাস্থ্য খাত গত ৫৬ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেয়েছে। অল্প সময়ের মধ্যে প্রায় ২০টি সরকারি হাসপাতালে নতুন আইসিইউ চালুর পরিকল্পনা রয়েছে। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও অ্যানেস্থেসিওলজি পরস্পরের প্রতিযোগী নয়, বরং একে অন্যের পরিপূরক। দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার বিভাগ চালুর দাবির প্রতিও তিনি সমর্থন জানান।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী বলেন, বিশ্বের অধিকাংশ দেশেই ক্রিটিক্যাল কেয়ার একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত বিষয় হিসেবে প্রতিষ্ঠিত। বাংলাদেশেও এ বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণা সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হচ্ছে।
সম্মেলনের সভাপতি অধ্যাপক ডা. এএসএম আরিফ আহসান বলেন, দেশে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনকে আরও এগিয়ে নিতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সে এফসিপিএস (ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন) চালুর সময় এসেছে।
সম্মেলনে ক্রিটিক্যাল কেয়ার–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পাঁচটি বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিকিৎসা, প্রিসিশন মেডিসিন, এআরডিএস, ইসিএমও, সেপসিস ব্যবস্থাপনা ও আইসিইউ ডেলিরিয়ামসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে গবেষণাপত্র ও অভিজ্ঞতা উপস্থাপন করা হয়। সমাপনী পর্বে বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের ক্রিটিক্যাল কেয়ার সেবা নিশ্চিত করতে বিশেষায়িত শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর চিকিৎসাব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই।
