কাঁঠালবাগানে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১৮:৫৯ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ১৯:০৪
রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি ভবনের সেপটিক ট্যাংকে বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়।
দগ্ধরা হলেন—জুয়েল (২০), রানা (২২) ও পারভেজ (২১)। তাদের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বাংখালি (ভাঙ্গাখালি) এলাকায়। তারা কাঁঠালবাগানের একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন।
ফার্নিচার ব্যবসায়ী রাজি মিয়া জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে কাঁঠালবাগান এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের ৪৪/এ নম্বর ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন অগ্নিদগ্ধ হন। পরে রাত সাড়ে ১২টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
রাজি মিয়া আরও জানান, জুয়েল তার বাবা-মায়ের সঙ্গে ওই ভাড়া থাকতেন। বাবা-মা গ্রামের বাড়িতে যাওয়ায় বুধবার রাতে কাজ শেষে জুয়েল, পারভেজ ও রানা ওই কক্ষে অবস্থান করছিলেন। কক্ষটি একটি সেপটিক ট্যাংকের ওপর নির্মিত। সেখানে প্রায়ই গ্যাসের গন্ধ পাওয়া যেত। ধারণা করা হচ্ছে, কক্ষের ভেতরে দাহ্য গ্যাস জমে ছিল। মশার কয়েল জ্বালানোর জন্য ম্যাচ বা লাইটার ব্যবহার করতেই বিস্ফোরণের ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জুয়েলের শরীরের প্রায় ৩০ শতাংশ, রানার ৬৩ শতাংশ এবং পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। রানাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। অপর দুইজনকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে আশিক বলেন, কক্ষটি দুই দিন ধরে বন্ধ ছিল। বুধবার রাতে তিন যুবক কক্ষে প্রবেশ করে লাইটার জ্বালানোর পরই বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, নিচের সেপটিক ট্যাংক থেকে নির্গত গ্যাস কক্ষে জমে ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
- বিষয় :
- আগুন
- সেপটিক ট্যাঙ্ক
- বিস্ফোরণ
