নতুন নেতৃত্বে পথচলা শুরু গুলশান টোস্টমাস্টার্স ক্লাবের
ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১৯:১৭
ইংরেজি ভাষায় পাবলিক স্পিকিং ও নেতৃত্ব বিকাশে দেশের অন্যতম সক্রিয় সংগঠন গুলশান টোস্টমাস্টার্স ক্লাব ২০২৫-২৬ মেয়াদে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক স্বীকৃতি অর্জন করেছে। একই সময়ে সদস্যদের ব্যক্তিগত অর্জনও ক্লাবটির সাফল্যের পরিধিকে আরও সমৃদ্ধ করেছে। এসব অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটিও দায়িত্ব গ্রহণ করেছে।
বিদায়ী বছরে টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনালের বিভিন্ন কর্মসূচিতে নির্ধারিত লক্ষ্য পূরণ করে ক্লাবটি সর্বোচ্চ স্বীকৃতি ‘স্মেডলি ডিস্টিংগুইশড ক্লাব’ মর্যাদা অর্জন করে। এ স্বীকৃতি পেতে শিক্ষা, নেতৃত্ব উন্নয়ন, কর্মকর্তা প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম মিলিয়ে মোট ১০টি লক্ষ্য পূরণ করতে হয়। একই সঙ্গে সদস্যসংখ্যা বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য ক্লাবটি ‘স্মেডলি অ্যাওয়ার্ড’ এবং ‘টক আপ অ্যাওয়ার্ড’ লাভ করে।
ডিস্ট্রিক্ট ১২৪-এর অধীনেও ক্লাবটির সাফল্য ছিল উল্লেখযোগ্য। বিদায়ী বছরে তারা ‘সুপার এইট অ্যাওয়ার্ড’, ‘গোল্ডেন গ্যাভেল’ সম্মাননা এবং ‘হল অব ফেম’-এ স্থান অর্জন করে। এক বছরের ব্যবধানে এসব গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জনের মাধ্যমে গুলশান টোস্টমাস্টার্স ক্লাব বাংলাদেশের টোস্টমাস্টার্স অঙ্গনে একটি শক্ত অবস্থান তৈরি করেছে।
ক্লাবটির সদস্যদের ব্যক্তিগত অর্জনও ছিল সমানভাবে আলোচিত। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে ভারতের উত্তর প্রদেশের নয়ডায় অনুষ্ঠিত আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নেন ক্লাবের সদস্য ওয়াহিদা জামান সিথি। ভারত, বাংলাদেশ ও ভুটানের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি দ্বিতীয় রানার-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
অন্যদিকে নেতৃত্ব, শিক্ষা কার্যক্রম, সদস্য উন্নয়ন এবং ক্লাব পরিচালনায় বিশেষ অবদানের জন্য গুলশান টোস্টমাস্টার্স ক্লাবের সভাপতি শারমিন হোসেন সারা ‘বর্ষসেরা টোস্টমাস্টার’ নির্বাচিত হয়েছেন। জেলা পর্যায়ে এটি একজন সদস্যের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি।
বিদায়ী সভাপতি পার্থ প্রতিম দাশ বলেন, সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এ ধরনের সাফল্য অর্জন সম্ভব হতো না। তিনি ক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ এবং নবনির্বাচিত সভাপতি শারমিন হোসেন সারার নেতৃত্ব ও অবদানের প্রশংসা করে বলেন, নতুন নেতৃত্ব এই অর্জনকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদী তিনি।
বিদায়ী মেয়াদ শেষে পার্থ প্রতিম দাশ এরিয়া ডিরেক্টরের দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন দায়িত্বে তিনি বিভিন্ন টোস্টমাস্টার্স ক্লাবের নেতৃত্ব উন্নয়ন, কোচিং ও মেন্টরিং কার্যক্রম পরিচালনা করবেন।
২০১৯ সালে যাত্রা শুরু করা গুলশান টোস্টমাস্টার্স ক্লাব সম্প্রতি রাজধানীর বনানীর ক্লাব নটরডেমিয়ানে প্রতিষ্ঠার সাত বছর পূর্তি এবং ১৭৫তম অধিবেশন উদযাপন করে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন টোস্টমাস্টার্স ক্লাবের সদস্যদের পাশাপাশি ক্লাবটির সাবেক ও বর্তমান সদস্যরা অংশ নেন। ভারত ও নেপাল থেকে টোস্টমাস্টার্সের বিভিন্ন কর্মকর্তা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর তানহি ইয়াসমিন। প্যানেল আলোচনায় অংশ নেন জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনোয়ার হোসেইন। অনুষ্ঠানে টোস্টমাস্টার্স বাংলাদেশের ডিভিশন এফ-এর ডিরেক্টর শেখ সাদী বলেন, গুলশান টোস্টমাস্টার্স ক্লাব এখন শুধু একটি ক্লাব নয়, বরং নতুন নেতৃত্ব তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
নতুন মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শারমিন হোসেন সারা। সহসভাপতি (শিক্ষা) ওয়াহিদা জামান সিথি, সহসভাপতি (সদস্য) সৈয়দ নাঈমুল হোসেইন, সহসভাপতি (জনসংযোগ) নাজমুল চৌধুরী, সাধারণ সম্পাদক সুলাইমান নিলয়, ট্রেজারার মো. রাজিবুল ইসলাম এবং সার্জেন্ট অ্যাট আর্মস হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সানোয়ার হোসেন।
নবনির্বাচিত সভাপতি শারমিন হোসেন সারা বলেন, ক্লাবের অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বাড়ানো হবে। একই সঙ্গে নতুন বক্তা ও নেতৃত্ব তৈরি এবং বিশেষ করে নারীদের পাবলিক স্পিকিং ও নেতৃত্ব বিকাশে আরও বেশি সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
বর্তমানে টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনালের অধীনে বাংলাদেশে প্রায় ৩০টি ক্লাব কার্যক্রম পরিচালনা করছে। তাদের মধ্যে ধারাবাহিক আন্তর্জাতিক স্বীকৃতি, সদস্যদের সাফল্য এবং নেতৃত্ব বিকাশে ভূমিকার কারণে গুলশান টোস্টমাস্টার্স ক্লাব ইতোমধ্যেই অন্যতম সফল ক্লাব হিসেবে পরিচিতি লাভ করেছে।
