ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

রাজধানীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০০:৩৫ | আপডেট: ০৩ জুলাই ২০২৬ | ০৭:২০

রাজধানীর চকবাজার ও ভাটারা এলাকায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ও বুধবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্বজনের সূত্রে জানা যায়, বুধবার রাত পৌনে ১২টার দিকে চকবাজার এলাকার একটি কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শ্রমিক মো. সাইফুল (৩১)। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মধ্য রামপুর এলাকার সুলতান হাওলাদারের ছেলে। 

এদিকে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ভাটারা থানার কোকাকোলা ঢালি বাড়ি কাঁচাবাজার এলাকায় গ্রিলের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন গ্রিল মিস্ত্রি আব্দুল বারী (২৫)। তাকেও সহকর্মীরা ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জুরবাড়িয়া এলাকার জাকির হোসেনের ছেলে।

একই দিন সন্ধ্যা ৬টার দিকে চকবাজার থানার সোয়ারীঘাট হাজী বালু রোডের একটি প্লাস্টিক কারখানায় মেশিন চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শ্রমিক এমদাদুল হক (২৫)। ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

×