ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে চলছে গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল
রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে চলছে সপ্তাহব্যাপী গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল। (ছবি- শহিদুল আলম)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ২২:৪২ | আপডেট: ০৭ জুলাই ২০২৬ | ১২:২৯
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে চলছে সপ্তাহব্যাপী গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল। গত ৩ জুলাই শুরু হওয়া এ উৎসব চলবে ৯ জুলাই পর্যন্ত। সোমবার বিকেলে ফিতা কেটে এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দক্ষ রন্ধনশিল্পীদের তত্ত্বাবধানে সাজানো আমেরিকান খাবারের পসরা ঘুরে ঘুরে দেখেন তিনি।
আয়োজক সংস্থা জানায়, অতিথিদের জন্য আমেরিকার প্রাণবন্ত খাদ্যসংস্কৃতি ও উৎসবমুখর পরিবেশ উপভোগের অনান্য সুযোগ এনে দিয়েছে। খাদ্যপ্রেমীদের জন্য এটি হবে স্মরণীয় অভিজ্ঞতা।
বিমানবন্দর এলাকায় ক্রাউন প্লাজার হোটেলে সাজানো আছে আমেরিকান খাবারের বহুল পরিচিত ও জনপ্রিয় নানা পদ। মেন্যুর মধ্যে রয়েছে হটডগ স্টেশন উইথ অ্যাসর্টেড টপিংস, কর্নডগ, লোডেড চিপস স্টেশন, সিমার্ড অক্সটেইল স্যুপ, বিফ ওয়েলিংটন, মিট লোফ, বিফ ওসো বুকো, চিকেন পটপাই, স্পাইসি কাজুন চিকেন এবং বারবিকিউ সসসহ গ্রিলড চিকেন সসেজ।
গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যালের অফিসিয়াল বেভারেজ পার্টনার কোকা-কোলা। এ প্রসঙ্গে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের একজন প্রতিনিধি বলেন, ‘এই উৎসবের মাধ্যমে আমরা অতিথিদের কাছে আমেরিকার খাঁটি স্বাদ ও সংস্কৃতি তুলে ধরতে চাই। আমেরিকার জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবারের নানা পদ উপভোগের সুযোগ রয়েছে। আমরা আন্তরিক আতিথেয়তা এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’