বিলবোর্ডে প্রতিমন্ত্রীর ছবি নিয়ে বিতর্ক
সরকারি অনুষ্ঠানের প্রচারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হলেও বোর্ডে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছবি বড় করে স্থান পায়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার পর মঙ্গলবার সেটি সরিয়ে নেওয়া হয়- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ০৮:১১ | আপডেট: ০৮ জুলাই ২০২৬ | ০৮:৪৭
| প্রিন্ট সংস্করণ
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে ৬ জুলাই বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির রাজধানীর কারওয়ান বাজারে সাঁটানো বিলবোর্ড নিয়ে চলছে ব্যাপক আলোচনা, সমালোচনা ও বিতর্ক। কারণ পল্লী উন্নয়ন একাডেমির নিয়ন্ত্রণাধীন মন্ত্রণালয়ে একজন পূর্ণ মন্ত্রী থাকলেও বিলবোর্ডে কেবল প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছবি রয়েছে। যিনি ইতোমধ্যে নানা সমালোচনারও জন্ম দিয়েছেন।
তবে ওই বিলবোর্ডে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ছবি নেই।
বিষয়টি নিয়ে ফেসবুকে সমালোচনা তৈরি হলে সেই বিলবোর্ড পল্লী উন্নয়ন বোর্ড সরিয়ে নেয়। গতকাল মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে গিয়ে সেটি পাওয়া যায়নি।
বিষয়টির ব্যাখা দিয়ে পল্লী উন্নয়ন বোর্ডের মুখপাত্র মো. নুরুজ্জামান সমকালকে বলেন, পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে কেবল মীর শাহে আলমই নন, মন্ত্রী, প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি দিয়েও পল্লী উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ব্যানার, পোস্টার ও বিলবোর্ড বসানোর উদ্যোগ ছিল। কিন্তু গত ৫ জুলাই হঠাৎ করে সরকার একটা অনুশাসন জারি করে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের কারও ছবি যেন সরকারি কোনো অনুষ্ঠানে ব্যবহার না করা হয়।
এর আগেই একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে এসব স্থাপনের দায়িত্ব দিয়েছিল পল্লী উন্নয়ন বোর্ড। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন সেটা জানতে না পেরে কয়েকশ পোস্টার, ব্যানার ও কয়েকটি বিলবোর্ড বসিয়ে ফেলেছিল।
তিনি আরও বলেন, বিষয়টি নজরে আসার পর সেগুলো দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়। ভুলবশত একটি বিলবোর্ড কারওয়ান বাজার এলাকায় রয়ে যায়। সেটিও পরে সরিয়ে নেওয়া হয়েছে।