রাজধানীতে শুরু হয়েছে ‘হাউসবোট মেলা’
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভবনের শৈলপ্রপাত হলে হাউসবোট মেলায় দর্শনার্থীরা। ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ২১:৩৮
দেশের হাওর ও নদীকেন্দ্রিক পর্যটনকে আরও জনপ্রিয় ও সহজলভ্য করতে রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে হাউসবোট মেলা। হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে শনিবার পর্যন্ত।
আজ দুপুর ১২টায় আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভবনের শৈলপ্রপাত হলে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (প্রশাসন ও অর্থ) আবু সেলিম মাহমুদ-উল হাসান। তিনি বলেন, ‘প্রকৃতি ও জীববৈচিত্র্যের ভারসাম্য বজায় রেখেই দেশের হাওর অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে।’
মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের আধুনিক ও দৃষ্টিনন্দন হাউসবোটের সমাহার ঘটেছে। দর্শনার্থীরা টাঙ্গুয়ার হাওর, রাঙামাটির কাপ্তাই লেক, পদ্মা নদী, শীতলক্ষ্যা নদী এবং সুন্দরবনসহ বিভিন্ন পর্যটন গন্তব্যে পরিচালিত হাউসবোট সম্পর্কে বিস্তারিত তথ্য ও ভ্রমণ প্যাকেজ সম্পর্কে জানতে পারবেন।
আয়োজকরা জানান, হাওর ও নদীভিত্তিক পর্যটনকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য, নিরাপদ ও সাশ্রয়ী করে তোলাই মেলার মূল উদ্দেশ্য। মেলায় বুকিংয়ের ওপর বিশেষ মূল্যছাড়, আকর্ষণীয় ট্যুর প্যাকেজ, স্পট বুকিং সুবিধা, উপহার ও লাকি ড্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি মো. আরাফাত হোসেন বলেন, ‘বাংলাদেশের জলপর্যটন খাত দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। পর্যটকদের আধুনিক, নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশীয় পর্যটনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতেই আমাদের এই আয়োজন।’
সংগঠনের ট্রেজারার আশফাক জামান বলেন, ‘হাউসবোট শুধু একটি ভ্রমণ নয়, এটি প্রকৃতির সঙ্গে ভিন্নধর্মী ও স্মরণীয় অভিজ্ঞতার একটি মাধ্যম। এ ধরনের আয়োজন জলপর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
আয়োজকরা আশা করছেন, দেশীয় পর্যটন শিল্পের টেকসই বিকাশ, পরিবেশবান্ধব পর্যটনের প্রসার এবং হাউসবোটে রাত্রিযাপনের অনন্য অভিজ্ঞতা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে দ্বিতীয় হাউসবোট মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- বিষয় :
- মেলা
- হাউজবোট
- টাঙ্গুয়ার হাওর