ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

জলাবদ্ধতা 

নিউমার্কেটে দোকানপাট আপাতত বন্ধ

নিউমার্কেটে দোকানপাট আপাতত বন্ধ
×

টানা বর্ষণে রাজধানীর নিউমার্কেটে জলাবদ্ধতা

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১৮:০১ | আপডেট: ১২ জুলাই ২০২৬ | ১৮:০৩

টানা বর্ষণে জলাবদ্ধতার কারণে রাজধানীর নিউমার্কেটে দোকানপাট আপাতত বন্ধ রাখা হয়েছে। রোববার সকাল থেকে সেখানে দোকান বন্ধ রয়েছে। নিরাপত্তার স্বার্থে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি নিউমার্কেটে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে। 

নিউমার্কেট বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিউমার্কেটের দোকানপাটে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

মার্কেটের পরিস্থিতি তুলে ধরে নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অফিস সেক্রেটারি ফিরোজ উল ইসলাম জানান, টানা বর্ষণে নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকাল থেকে দোকানপাট খোলা হয়নি। আপাতত সব দোকানপাট বন্ধ রয়েছে। বৃষ্টিতে কোনো ক্রেতাকেও মার্কেটে আসতে দেখা যায়নি। সোমবার পরিস্থিতি বুঝে দোকানপাট খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকা ও সড়কে শনিবার রাত থেকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ রোববার সকাল থেকেই রাজধানীতে টানা বৃষ্টিতে সড়ক অলিগলি তলিয়ে গেছে। বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সবচেয়ে বিপদে পড়েছেন সকালে স্কুল–কলেজগামী শিক্ষার্থী এবং অফিসগামী মানুষজন।

আজ সকালের দিকে মোহাম্মদপুর টাউন হল বাজার, কৃষি মার্কেট, মিরপুর, তেজগাঁও, বিমানবন্দর এলাকার হজ ক্যাম্প বাজারসহ ঘুরে দেখা গেছে, সেখানে দোকানপাট খোলা থাকলেও ক্রেতা নেই বললেই চলে। আবার কিছু দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রাজধানীতে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। চলতি মাসে এই পরিমাণ বৃষ্টি আগে হয়নি। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৯৭ মিলিমিটার। আর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। রাজধানীর বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউ, কারওয়ান বাজার, ধানমন্ডি, মিরপুরের কাজীপাড়া, কালশীসহ নানা স্থানে সড়কে পানি জমে গেছে। কোথাও কোথাও হাঁটুপানি থাকায় যানচলাচল ধীর হয়ে পড়েছে। এতে তৈরি হয়েছে যানজট। সড়কে পানি থাকায় পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটছে। ফুটপাত তলিয়ে যাওয়ায় তারা প্রধান সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর সকালে জানান, সাগরে নিম্নচাপ, মৌসুমী বায়ুর বেশ সক্রিয় হয়ে ওঠা এবং বায়ুর চাপের তারতম্যের কারণে গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। দেশের সাত জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। তবে শনিবার এই দুই বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। তিনি বলেন, আজ রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। আগামীকাল সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমে আসতে পারে।

আরও পড়ুন

×