আইসিইউতে তরুণের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে উত্তেজনা
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ০২:৪৩ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ | ০২:৪৪
রাজধানীর মোহাম্মদপুরে ঘুমের ওষুধ সেবনের পর আদ দ্বীন (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার রাতে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, দুই দিন আগে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের পর আদ দ্বীন অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রোববার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনি মারা যান।
আদ দ্বীনের মৃত্যুর পর ভুল চিকিৎসার অভিযোগ তুলে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন তার স্বজনরা। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন সমকালকে বলেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আদ দ্বীনের মৃত্যু হয়। এরপর স্বজনরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে উত্তেজনা সৃষ্টি করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
- বিষয় :
- তরুণের মৃত্যু
- আইসিইউ
- ঘুমের ওষুধ