অপরাধীর কোনো দল-মত বা সামাজিক শ্রেণি নেই: ডিএমপি কমিশনার
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ২২:২৯
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক পরিচয় নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের নয়, বরং জনগণের স্বার্থে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
সোমবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাতে হবে। একই সঙ্গে অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেওয়া হবে। তবে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ বা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ঢাকা মহানগর পুলিশ ভবিষ্যতেও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার।
- বিষয় :
- ডিএমপি কমিশনার
- সভা