ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

গুলিস্তান

গভীর রাতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

গভীর রাতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
×

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১২:৪৪ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১২:৫৪

রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণে ১০ ব্যক্তি দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত ১টার দিকে সেখানকার ‘আরমান সেলুনে’ এ ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে ৯ জনকে রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। দগ্ধরা হলেন- গ্রাহক মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫), সেলুনের কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), সাকিব (১৭) ও আরমান (৩৭)।

দগ্ধরা জানান, রাত ১টার দিকে হঠাৎ করেই সেলুনের এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় সেলুনে থাকা সবাই দগ্ধ হন। পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, রফিকের ১২ শতাংশ, সামশেদের ১৫ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সাকিবের ১ শতাংশ ও আরমানের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি জানান, দগ্ধ সাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

আরও পড়ুন

×