ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

বিদেশে পরিচ্ছন্নতা মেনে চললেও দেশে যত্রতত্র ময়লা ফেলেন অনেকে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বিদেশে পরিচ্ছন্নতা মেনে চললেও দেশে যত্রতত্র ময়লা ফেলেন অনেকে: ক্রীড়া প্রতিমন্ত্রী
×

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবনে অনুষ্ঠিত ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা: আমার-আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে আমিনুল হক। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৪:৫৫

বিদেশে গিয়ে অনেকেই পরিচ্ছন্নতা বজায় রাখলেও দেশে এসে যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা দেখা যায় বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, নগরের বর্জ্য ব্যবস্থাপনা শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়; এটি নাগরিকদেরও সামাজিক দায়িত্ব। এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে হলে শিশুদের স্কুলজীবন থেকেই বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষা দিতে হবে।

বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবনে অনুষ্ঠিত ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা: আমার-আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শক নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমও চলমান রয়েছে। তবে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনাকে সামাজিক আন্দোলনে পরিণত করাও জরুরি।

তিনি বলেন, ‘শিশুরা যদি ছোটবেলা থেকেই নির্ধারিত স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলে, তাহলে ভবিষ্যতে তারা দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে উঠবে। একটি শিশু বিদ্যালয়ে যা শেখে, তা পরিবারেও ছড়িয়ে দেয়।’ বিদেশে গিয়ে অনেকেই পরিচ্ছন্নতা বজায় রাখলেও দেশে এসে যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা দেখা যায় উল্লেখ করে মো. আমিনুল হক বলেন, এই মানসিকতা বদলাতে শিক্ষা ও সচেতনতার কোনো বিকল্প নেই।

সাম্প্রতিক ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, খাল ও ড্রেনে পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য ফেলার কারণেই পানি নিষ্কাশনে বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে খাল পুনঃখননের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘একজন প্রশাসক একা একটি শহর বদলে দিতে পারবেন না। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে প্রশাসন, নাগরিক সমাজ এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরনা শাহরুখ, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, বিজিএমইএর সভাপতি মাহমুদুল হাসান খানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×