পশ্চিমবঙ্গে খ্রিষ্টানদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১৫:৪১ | আপডেট: ১৭ জুলাই ২০২৬ | ১৫:৫৭
ভারতের পশ্চিমবঙ্গে গির্জায় হামলাসহ খ্রিষ্টানদের ওপর নির্যাতন, হামলা, জমি দখল, ধর্মান্তরের চাপ এবং প্রার্থনা সভা বন্ধের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি নির্মল রোজারিওর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়, ফাদার আলবার্ট টি. রোজারিও, দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (ঢাকা ক্রেডিট)-এর সভাপতি মাইকেল জন গমেজ, সেক্রেটারি মঞ্জু মারীয়া পালমা, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু, এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব জেমস সুব্রত হাজরা, সাংগঠনিক সম্পাদক নিপুন সাংমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিউফিল রোজারিও, তেজগাঁও শাখার সহসভাপতি গিলবার্ট গমেজ, ভাটারা শাখার সেক্রেটারি ডেভিড, অসীম সরকার, মিরপুর শাখার সভাপতি স্বপন চৌধুরী, হালুয়াঘাট থানা শাখার সাধারণ সম্পাদক স্যামুয়েল পান্ডে সাগর এবং আচিক সংঘের সভাপতি থেংচী তিষা সাংমাসহ অন্যরা।
বক্তারা বলেন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে গির্জায় হামলা, খ্রিষ্টানদের ওপর নির্যাতন, জমি দখল, ধর্মান্তরের চাপ এবং প্রার্থনা সভা বন্ধে হুমকির মতো ঘটনাগুলো উদ্বেগজনক। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত ভারতে এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে তারা বলেন, এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনতে হবে।
- বিষয় :
- ভারত
- পশ্চিমবঙ্গ
- খ্রিস্টান