মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড
মিরপুর বিআরটিএতে গ্রেপ্তাররা। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ২০:২৯
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে দালালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচজনকে কারাদণ্ড এবং তিনজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের উদ্দেশ্য ছিল বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত রাখা এবং সেবা নিতে আসা গ্রাহকদের হয়রানি বন্ধ করা।
ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিরা নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি দিলে পাঁচজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তিনজনকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। তবে অভিযান চলাকালে প্রতারক চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বাবুল হোসেন (৩৮), কাওসার আলী (৩০), আব্দুল্লাহ আল রাজীব (৪০), আব্দুল মান্নান (৪৬) ও মো. শামীম (৩৪)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, একটি প্রতারক চক্র বিআরটিএতে সেবা নিতে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রতারণা করে আসছিল। এ ধরনের অভিযোগের ভিত্তিতেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত রাখতে এবং সেবাপ্রত্যাশীদের নির্বিঘ্নে সেবা নিশ্চিত করতে প্রতারক ও দালালদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।